ভারতের নির্বাচকেরা বার বার বলেন, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই আসল। কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে তার প্রতিফলন দেখা যায় না বলে অভিযোগ ওঠে। সেই বিষয়টিই আর এক বার তুলে ধরলেন মুম্বইয়ের ক্রিকেটার সিদ্ধেশ লাড। জানালেন, ঘরোয়া ক্রিকেট নয়, আইপিএলের পারফরম্যান্সই নির্বাচকদের কাছে আসল।
রাজ্যের হয়ে ১২ বছর খেলছেন লাড। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮২ ম্যাচে ৫৬২৩ রান করেছেন। ১৫টি অর্ধশতরান রয়েছে। গত বছরই রঞ্জি ট্রফিতে পাঁচটি শতরান করেছেন। তাঁর মতে, দল নির্বাচনের সময় রঞ্জি ট্রফির ফর্মকে গুরুত্ব দেওয়া হয় না। তিনি উদাহরণ হিসাবে টেনেছেন আকিব নবির কথা। গত মরসুমের রঞ্জিতে সবচেয়ে বেশি উইকেট নিলেও আফগানিস্তান টেস্টে তাঁকে নেওয়া হয়নি।
লাড বলেছেন, “আইপিএলের পারফরম্যান্সই ভারতীয় দলে ঢোকার ছাড়পত্র এ কথা যদি কেউ বলে, তা হলে একদম ঠিক বলছে। কঠিন সত্যিটা হল, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে নির্বাচকেরা পাত্তা দেন। অস্বীকার করব না যে রঞ্জি ট্রফির মানও পড়েছে। আমি ভাল খেলেছি, আমাকে ভারতীয় দলে নাও, এ কথা বলছি না। কিন্তু আকিবের কথা ভাবুন। কঠোর পরিশ্রম করে জম্মু ও কাশ্মীরকে একার হাতে রঞ্জি জিতিয়েছে। কাজটা সহজ নয়। ওকে অন্তত টেস্ট দলে নেওয়া উচিত ছিল।”
লাডের সংযোজন, “আইপিএলে খেলা ক্রিকেটারেরাও জানে গোটা মরসুম রঞ্জিতে ভাল খেলে, ফিটনেস ধরে রেখে দলকে জেতানো কতটা কঠিন। এখন যদি আইপিএলে ভাল না খেলেন তা হলে জাতীয় টেস্ট দলেও সুযোগ পাবেন না। আইপিএলে না খেললে তো এগিয়ে যাওয়ার পথই বন্ধ।”
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার কোচ দীনেশ লাডের ছেলে সিদ্ধেশের মতে, ঘরোয়া ক্রিকেটারদের উদ্দেশে খারাপ বার্তা যাচ্ছে। রঞ্জিতে খেলতে ভবিষ্যতে আর কেউ উৎসাহিত হবে না বলে মনে করেন তিনি।