Advertisement
E-Paper

ফরাসি ওপেনে আর নেই শীর্ষ বাছাই সিনার, চোটের কাছে আত্মসমর্পণ, বিশ্বের এক নম্বরকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সেরুন্দোলো

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় চোটের কাছে হার মানতে বাধ্য হলেন। আর্জেন্টিনার জুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর কাছে হারলেন ৬-৩, ৬-২, ৫-৭, ১-৬, ১-৬ গেমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৯:৩৪
sports

নিজেকে ঠান্ডা করার ব্যর্থ চেষ্টা সিনারের। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ইয়ানিক সিনার। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় চোটের কাছে হার মানতে বাধ্য হলেন। আর্জেন্টিনার জুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর কাছে হারলেন ৬-৩, ৬-২, ৫-৭, ১-৬, ১-৬ গেমে। তৃতীয় সেট থেকে শারীরিক সমস্যা শুরু হয় সিনারের। পুরো ম্যাচ খেললেও শেষ পর্যন্ত জিতে কোর্ট ছাড়তে পারলেন না। ফলে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের স্বপ্নও অধরা থেকে গেল এ বছরের মতো।

বিশ্বের এক নম্বর খেলোয়াড় এক সময় জয়ের থেকে এক গেম দূরে ছিলেন। সেরুন্দোলোর বিরুদ্ধে প্রথম দু’টি সেট জেতার পর তৃতীয় সেটে ৫-১ এগিয়ে ছিলেন। তার পর থেকেই শরীরে সমস্যা শুরু হয়। নিজের সার্ভিসে ম্যাচ শেষ করার সুযোগ থাকলেও পারেননি। উল্টে টানা ১৫টি পয়েন্ট হেরে সেরুন্দোলোকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। ৪-৫ এবং ০-৪০ পিছিয়ে থাকার সময় সিনার বাধ্য হন মেডিক্যাল টাইমআউট নিতে।

ফেরার পর কোর্টে আর সেই ছন্দ দেখাই যায়নি। বোঝাই যাচ্ছিল হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। ইটালির খেলোয়াড় দৌড়তেও পারছিলেন না। সেরুন্দোলো পুরোপুরি সেই সুযোগ নেন। শেষ ২০টি গেমের ১৮টি জিতে প্রতিযোগিতার সবচেয়ে বড় অঘটন ঘটালেন বৃহস্পতিবার। বিশ্বের ৫৬ নম্বর সেরুন্দোলো ২৬ বছর পর প্রথম খেলোয়াড় হিসাবে তৃতীয় রাউন্ডে ওঠার আগেই কোনও শীর্ষ বাছাইকে ছিটকে দিলেন। শেষ বার এই কাজ করেছিলেন ক্যারল কুসেরা।

জয়ের পর সেরুন্দোলো বলেন, “খুব দুঃখ লাগছে সিনারের জন্য। আমি কোনও সেটেই তিনটের বেশি গেম জিততে পারিনি। তাই নিজেকে ভাগ্যবান বলব। সিনারই যোগ্য ছিল জয়ের ব্যাপারে। জানি না কী হয়েছে। ওর দ্রুত সুস্থতা কামনা করি।”

ট্রফি ক্যাবিনেটে কেবল ফরাসি ওপেনটাই নেই সিনারের। এ বছর কার্লোস আলকারাজ়‌ চোটের কারণে না খেলায় সিনারের সামনে বড় সুযোগ ছিল। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জিতে সে দিকে এক ধাপও এগিয়েওছিলেন। কিন্তু চোট তাঁর স্বপ্নপূরণ হতে দিল না। ওপেন যুগে বিশ্বের সপ্তম খেলোয়াড় হিসাবে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের সুযোগ ছিল সিনারের কাছে। টানা ৩০টি ম্যাচ জিতে খেলতে নেমেছিলেন। কিন্তু চোটের জন্য অন্তত সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁকে।

গত বছর ফাইনাল খেলেছিলেন সিনার। আলকারাজ়‌ের বিরুদ্ধে তিন বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাজে লাগাতে পারেননি। ম্যাচও হারতে হয়। শেষ ৯টি গ্র্যান্ড স্ল্যাম সিনার এবং আলকারাজ় নিজেদের মধ্যে জিতেছেন। এ বার দু’জনের কেউই না থাকায় সবচেয়ে সুবিধা হল নোভাক জোকোভিচের। তিনি ২৫তম গ্র্যান্ড স্ল্যাম এ বার ঘরে তুলতে পারেন।

সিনার অসুস্থ হয়ে পড়ার পর তাঁর কোচিং দল সব রকম ভাবে চেষ্টা করেছে উজ্জীবিত করার। তবে সিনারের শারীরিক অবস্থা এবং প্যারিসের প্রবল গরম ইটালির খেলোয়াড়কে ছন্দে ফিরতে দেয়নি।

Jannik Sinner Tennis French Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy