Advertisement
E-Paper

দিল্লি হাইকোর্টে মামলা গম্ভীরের, আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ভারতের কোচের, জানা গেল আদালতের দ্বারস্থ হওয়ার কারণ

দিল্লি হাইকোর্টে মামলা করলেন গৌতম গম্ভীর। আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতের কোচ। কী কারণে মামলা করেছেন তিনি? অভিযোগে কী কী লিখেছেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:৩২
cricket

ভারতের কোচ গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তাঁর ছবি এবং স্বর ব্যবহার করে বিভিন্ন ছবি এবং ভিডিয়ো তৈরি করা হচ্ছে। এতে তাঁর সম্মানহানি হচ্ছে। এই অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা করলেন গৌতম গম্ভীর। যাঁরা এই কাজ করেছেন তাঁদের থেকে আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতের কোচ।

গম্ভীর অভিযোগ করেছেন, এআই ব্যবহার করে তাঁর ‘ডিপফেক’ ভিডিয়ো তৈরি করা হচ্ছে। গম্ভীরের ছবি এবং স্বর ব্যবহার করে বিভিন্ন ভিডিয়ো তৈরি করা হচ্ছে, যা আদৌ সত্যি নয়। গম্ভীরের অভিযোগ, অবিলম্বে এই সব ভিডিয়ো সমস্ত সমাজমাধ্যম থেকে তুলে নেওয়া হোক।

অভিযোগে গম্ভীর লিখেছেন, “আমার পরিচয়— আমার নাম, আমার মুখ এবং আমার স্বর— বেনামী অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এগুলোর সাহায্যে আমাকে ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং অর্থ উপার্জন করছে কিছু মানুষ। এটা শুধু ব্যক্তিগত আঘাতের জায়গা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আইনের সাহায্য নিয়ে সম্মানরক্ষা এবং সুরক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।”

সম্প্রতি একটি অসত্য ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, গম্ভীর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই ভিডিয়ো দেখেছেন ২৯ লক্ষ মানুষ। আরও একটি ভিডিয়োয় তাঁকে সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে কিছু বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো দেখেছেন ১৭ লক্ষ মানুষ।

অভিযোগে গম্ভীর ১৬টি নাম নিয়েছেন। তাঁর মধ্যে সমাজমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট ছাড়াও অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাও রয়েছে। এই সংস্থাগুলি গম্ভীরের ছবি ব্যবহার করে বিভিন্ন পণ্য বিক্রি করছে বলে অভিযোগ।

সুবিচারের জন্য মেটা, এক্স (সাবেক টুইটার), গুগ্‌ল/ইউটিউব এবং সরকারি সংস্থাগুলোকে সাহায্যে আবেদন করেছেন তিনি। তাঁর পরিচিতি ব্যবহার করে যেন কোনও ধরনের কাজ না করা হয়, তার জন্য পাকাপাকি নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি। তাঁর আবেদন দ্রুত শুনে যাতে এই ধরনের ভিডিয়ো, ছবি সরিয়ে দেওয়া হয়, তার অনুরোধ করেছেন গম্ভীর।

Gautam Gambhir Delhi High Court Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy