Advertisement
E-Paper

ফুটপাতে হাঁটার সুযোগ পাওয়াটা মৌলিক অধিকার! দুর্ঘটনায় শিশুমৃত্যুর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালত জানিয়েছে, চিহ্নিত ফুটপাতে হাঁটার অধিকার লঙ্ঘিত হলে, নাগরিকেরা ক্ষতিপূরণ এবং প্রতিকারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ২২:৪৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

চিহ্নিত ফুটপাত দিয়ে হাঁটার অধিকার ভারতীয় সংবিধানেই রয়েছে। এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। শিশুমৃত্যুর মামলায় রায় দেওয়ার সময়ে এমনই জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, রাস্তায় গাড়ি চলাচলের চেয়েও এই অধিকার অগ্রাধিকার পায়।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চ জানিয়েছে, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার সংবিধানের ১৯(১)(ডি) অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত। এই ধারা ভারতের সমগ্র ভূখণ্ডে অবাধে চলাচলের অধিকার দেয়। এই অধিকার ভারতীয়দের মৌলিক অধিকারের আওতায় পড়ে। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘যদি কোনও রাস্তা থাকে, তা হলে পথচারীদের জন্য চিহ্নিত ফুটপাত অবশ্যই থাকতে হবে।’’

পাঁচ বছর বয়সি এক নাবালকের মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আদালত সূত্রে খবর, ওই শিশুর বাবা সকালে তাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্যাঙ্কার লরি পিছন থেকে ধাক্কা মারে শিশুটিকে। দুর্ঘটনায় শিশুটির কোমর এবং তার নীচের অংশ গুরুতর জখম হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে কোনও ফুটপাত বা পথচারীদের পারাপার হওয়ার কোনও ব্যবস্থা ছিল না। সেই ঘটনায় ক্ষতিপূরণের দাবি ওঠে। হাই কোর্ট ঘুরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

সেই মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, চিহ্নিত ফুটপাতে হাঁটার অধিকার লঙ্ঘিত হলে, নাগরিকেরা ক্ষতিপূরণ এবং প্রতিকারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে পারেন। ১৯৯৮ সালের মোটর ভেহিকল আইনের অধীনে প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, নিরাপদ এবং আরামদায়ক ফুটপাতের অভাব একটি দীর্ঘস্থায়ী সমস্যা। ভারতে মূলত শহরগুলিতে প্রায়শই যানচলাচলের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। উপেক্ষিত হয় পথচারীদের হাঁটার অধিকার। তবে সংবিধান সব সময় পথচারীদের হাঁটার অধিকারকে প্রাধান্য দেয়। যানবাহন ব্যবহারের অনেক আগে থেকেই এই অধিকারের অস্তিত্ব রয়েছে।

এই মামলায় ক্ষতিপূরণের অর্থ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, মৃত শিশুর পরিবারকে ১১ লক্ষ ৪৪ হাজার ৬২৮ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দু’মাসের মধ্যে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

Footpath Road safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy