Advertisement
E-Paper

হার দিয়ে শুরু অধিনায়ক শ্রেয়সের, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভার খেলতেই পারলেন না বিশ্বজয়ীরা! বাড়ল বৈভবের অভিষেকের সম্ভাবনা

প্রথম ম্যাচে অভিষেক শর্মা ছাড়া কেউ ২২ গজে লড়তেই পারলেন না। ফলে দ্বিতীয় ম্যাচে বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা বেড়ে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ২২:২৭
Picture of Cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে শুরুটা ভুলে যেতে চাইবেন শ্রেয়স আয়ার। আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেল তাঁর দল। অভিষেক শর্মা ছাড়া কেউ ২২ গজে লড়তেই পারলেন না। ফলে দ্বিতীয় ম্যাচে বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনাও বেড়ে গেল। শুক্রবার প্রথম ব্যাট করে আয়ারল্যান্ড করে ৯ উইকেটে ১৮২ রান। জবাবে ১৮.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস। ৩৪ রানে হেরে গেল ভারত।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। ইনিংসের শুরুটা ভাল করতে পারেননি আইরিশেরা। ৫১ রানে ৪ উইকেট হারায় আয়োজকেরা। দ্রুত ফিরে যান দুই ওপেনার টিম টেক্টর (১৭) এবং রস আদের (১২)। ব্যর্থ তিন নম্বরে নামা হ্যারি টেক্টরও (০)। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা বেন ক্লাইজ়ও (১৫) রান পেলেন না। চোট সারিয়ে ফেরা হর্ষিত রানা, অর্শদীপ সিংহদের বোলিং দেখে মনে হচ্ছিল ভারতের জয় সময়ের অপেক্ষা।

৫১ রানে ৪ উইকেট হারিয়েও হাল ছাড়েননি আয়ারল্যান্ড। খেলা ঘোরান অধিনায়ক লোরকান টাকার এবং ছয় নম্বরে নামা গ্যারেথ ডেলানি। টাকার করেন ৩৬ বলে ৫০। মারেন ৫টি চার এবং ২টি ছয়। বেশি আগ্রাসী ছিলেন ডেলানি। তাঁর ৩২ বলে ৪৯ রানের ইনিংসে রয়েছে ৩টি করে চার এবং ছয়। জর্জ ডকরিল করেন ১০ বলে ১৯ রান।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম হর্ষিত ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৮ রানে ২ উইকেট অর্শদীপের। ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন অক্ষর পটেল। ১৮ রানে ১ উইকেট শিবম দুবের। হতাশ করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪ ওভারে ৫৭ রান দিয়েও উইকেট পেলেন না। ওয়াশিংটন সুন্দরও ১ ওভারে দিলেন ১৯ রান।

জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেনা মেজাজেই শুরু করেন অভিষেক। কিন্তু ২২ গজের অন্য প্রান্তে সাহায্য পেলেন না সতীর্থদের কাছে। পর পর আউট হলেন সঞ্জু স্যামসন (৫), ঈশান কিশন (১)। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়সও (৩)। চাপের মুখে কিছুটা চেষ্টা করলেন পাঁচ নম্বরে নামা তিলক বর্মা। তিনি ৩টি চারের সাহায্যে ২১ বলে ১৯ রান করলেন। অভিষেক করেন ২০ বলে ৪৯ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার এবং ২টি ছক্কা। রান পেলেন না ওয়াশিংটনও (৯)। শেষ দিকে কিছুটা চেষ্টা করলেন শিবম এবং অক্ষর। শিবমের ব্যাট থেকে এল ১৪ বলে ২৫ রান। ১টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। অক্ষর করলেন ১৬ বলে ১৫। ভারতের ইনিংসে বলার মতো আর কিছুই নেই। পুরো ২০ ওভার ব্যাটও করতে পারল না টানা দু’বারের বিশ্বজয়ীরা। এই ব্যাটিং ব্যর্থতায় পরের ম্যাচে খেলার সম্ভবনা বাড়ল বৈভবের। নিয়মিত ব্যাটিং অর্ডার বদলাতে না চাওয়ায় প্রথম ম্যাচে বৈভবকে খেলাননি শ্রেয়সেরা।

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম ম্যাট হলার্ড ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩৮ রানে ৩ উইকেট ম্যাথু হামফ্রেসের। ২৫ রানে ২ উইকেট জয় মুন্দ্রার। ৩ রানে ১ উইকেট ডেলানির। ২৯ রানে ১ উইকেট নিয়েছেন লিয়াম ম্যাককার্থি।

T20I India Vs Ireland Shreyas Iyer Vaibhav Sooryavanshi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy