চলতি বছরে নিউ জ়িল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়টি নিউ জ়িল্যান্ডে গিয়ে ভারতের খেলা সবচেয়ে বড় সিরিজ় হতে চলেছে। তিন ফরম্যাট মিলিয়ে ভারত মোট ১২টি ম্যাচ খেলবে। পাঁচটি ম্যাচে দেখতে পাওয়া যাবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। বুধবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট।
আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউ জ়িল্যান্ডে থাকবে ভারত। তার মধ্যে দু’টি টেস্ট, পাঁচটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। দু’দেশের খেলাধুলোর সম্পর্কের ১০০ বছর উদ্যাপন করতেই এত বড় সিরিজ় আয়োজন করা হচ্ছে।
সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে। এর পর হবে এক দিনের সিরিজ়। শেষে থাকছে দু’টি টেস্ট। অকল্যান্ডে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। টেস্ট দু’টি খেলা হবে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে।
নিউ জ়িল্যান্ড বোর্ডের মুখ্য বাণিজ্যিক কর্তা গ্লেন ক্রিচলি বলেছেন, “ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে ভারত সিরিজ়ের থেকে বড় কিছু হয় না। নিউ জ়িল্যান্ডবাসী আগে যা দেখেননি, তাই এ বার দিতে বদ্ধপরিকর আমরা। শুধু মাঠের ক্রিকেটই ন, ভারতের সঙ্গে যে সংস্কৃতি এবং ইতিহাস ভাগ করে নেয় নিউ জ়িল্যান্ড, তা-ও উদ্যাপন করা হবে। এই দলের প্রতি মানুষের যে আবেগ রয়েছে তা অনবদ্য। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটারকে আমরা দেখতে পাব। সমর্থকদের সঙ্গে দুর্দান্ত একটা সিরিজ় দেখার অপেক্ষায় রয়েছি।”
আরও পড়ুন:
২০১৯-২০ মরসুমের পর নিউ জ়িল্যান্ডে টেস্ট খেলতে যায়নি ভারত। কিউয়িরা অবশ্য এ দেশে দু’বার এসেছে। তার মধ্যে ২০২৪-২৫ সালে ভারতকে চুনকামও করেছে।
নিউ জ়িল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার ইশ সোধি বলেছেন, “ভারতের বিরুদ্ধে খেলতে সব সময়েই ভাল লাগে। অবিশ্বাস্য ক্রিকেট দল। তারকা শক্তি এবং প্রতিভায় ভর্তি। খুব কঠিন হবে সিরিজ়টা।”
ভারত বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ়ের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২২ অক্টোবর, ক্রাইস্টচার্চ
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৪ অক্টোবর, ক্রাইস্টচার্চ
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর, ওয়েলিংটন
চতুর্থ টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর, অকল্যান্ড
পঞ্চম টি-টোয়েন্টি: ১ নভেম্বর, হ্যামিল্টন
প্রথম এক দিনের ম্যাচ: ৪ নভেম্বর, অকল্যান্ড
দ্বিতীয় এক দিনের ম্যাচ: ৭ নভেম্বর, ওয়েলিংটন
তৃতীয় এক দিনের ম্যাচ: ১০ নভেম্বর, হ্যামিল্টন
চতুর্থ এক দিনের ম্যাচ: ১৩ নভেম্বর, মাউন্ট মাউনগানুই
পঞ্চম এক দিনের ম্যাচ: ১৫ নভেম্বর, মাউন্ট মাউনগানুই
প্রথম টেস্ট: ১৯-২৩ নভেম্বর, ওয়েলিংটন
দ্বিতীয় টেস্ট: ২৭ নভেম্বর-১ ডিসেম্বর, ক্রাইস্টচার্চ