Advertisement
E-Paper

গম্ভীরের সঙ্গে বাহুতুলেকে জুড়ে দিল ভারতীয় বোর্ড, আফগানিস্তান টেস্টের আগে বিশেষ দায়িত্ব প্রাক্তন স্পিনারকে

সাইরাজ বাহুতুলে কোচ হিসাবে কাজ করেছেন বিদর্ভ, কেরল, গুজরাত এবং বাংলার রঞ্জি দলের সঙ্গে। আইপিএলে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:৪৪
picture of cricket

সাইরাজ বাহুতুলে। ছবি: এক্স।

ভারতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে। এক দিন ভারতীয় দলে বোলিং কোচ হিসাবে ছিলেন শুধু মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলারের সঙ্গে কাজ করবেন বাহুতুলে। স্পিনারদের প্রশিক্ষণ দেবেন তিনি।

মঙ্গলবার ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসাবে বাহুতুলেকে নিয়োগের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স ভাল হলেও লাল বলের ক্রিকেটে বেশ উদ্বেগজনক। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ় হারের পরই প্রশ্ন উঠেছিল। ভারতীয় ব্যাটারদের স্পিন বলের বিরুদ্ধে বেহাল দশায় সমালোচিত হয়েছিলেন গম্ভীর। টেস্টে ভারতীয় দলের হাল দেখে উদ্বিগ্ন হন বোর্ড কর্তারাও। সম্ভবত সে কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের আগেই স্পিন বোলিং কোচ হিসাবে গম্ভীরের সঙ্গে জুড়ে দেওয়া হল মুম্বইয়ের প্রাক্তন অলরাউন্ডারকে।

রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে। ফলে স্পিন বোলিংয়ে অভিজ্ঞতার অভাব হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারতের অবস্থান ভাল নয়। সে কথা মাথায় রেখেই ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হল বাহুতুলেকে। ওয়াশিংটন সুন্দর, মানব সুতার, হর্ষ দুবের মতো তরুণ স্পিনারদের ভবিষ্যতের ভারতীয় দলের জন্য ভাবা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তাঁদের তৈরি করে দেওয়াই হবে বাহুতুলের প্রধান কাজ।

দায়িত্ব পেয়ে বাহুতুলে বলেছেন, ‘‘ভারতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া বিরাট সম্মানের ব্যাপার। খেলোয়াড় হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছি গর্বের সঙ্গে। এ বার কোচ হিসাবেও ভারতীয় দলের জন্য অবদান রাখার সুযোগ পাব। এটা আমার কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। সব ধরনের ক্রিকেটে সাফল্যই আমার লক্ষ্য।’’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩০ উইকেট রয়েছে বাহুতুলের। ৫৩ বছরের প্রাক্তন ক্রিকেটার কোচ হিসাবে কাজ করেছেন বিদর্ভ, কেরল, গুজরাত এবং বাংলার রঞ্জি দলের সঙ্গে। আইপিএলে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের সঙ্গেও যুক্ত ছিলেন। অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয় ‘এ’ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

দেশের হয়ে দু’টি টেস্ট এবং আটটি এক দিনের ম্যাচ খেলেছেন বাহুতুলে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৫। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল স্পিনার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ন’টি শতরান-সহ ছয় হাজারের বেশি রান রয়েছে তাঁর।

BCCI Indian Cricket team spin bowling Sairaj Bahutule Gautam Gambhir coach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy