Advertisement
E-Paper

বিশ্বকাপ ফুটবল থেকে বহু দূরে ভারত, তবু তিন ফুটবলারকে নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে এ দেশ!

বিশ্বকাপে খেলতে পারেন তিন ফুটবলার। যাঁদের এক জন রয়েছেন নিউ জ়িল্যান্ড দলে। বাকি দু’জনকে দেখা যেতে পারে কাতারের হয়ে। এঁদের নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৯:৫৮
picture of football

(বাঁ দিক থেকে) নেইল আদ্যা মেসন, তাহসিন মহম্মদ জামশিদ এবং সরপ্রীত সিংহ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপ থেকে বহু দূরে ভারতীয় ফুটবল। যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ধাপেও পৌঁছোতে পারেন না গুরপ্রীত সিংহ সান্ধু, সন্দেশ জিঙ্ঘন, মনবীর সিংহেরা। তা-ও ফুটবলপ্রেমীদের একাংশ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। এ বার অবশ্য দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন তাঁরা।

লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা দেখেই বিশ্বকাপ কাটিয়ে দেন ভারতীয়েরা। প্রতিযোগী দেশগুলির তালিকায় ভারত না থাকায় আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন, ফ্রান্সের সমর্থক হিসাবেই মেতে থাকেন তাঁরা। তবে এ বারের বিশ্বকাপে ভারতীয়দের উচ্ছ্বাসের পরোক্ষ কারণ রয়েছে। গুরপ্রীত, সন্দেশ, মনবীরেরা না থাকলেও বিশ্বকাপে খেলবেন সরপ্রীত সিংহ, তাহসিন মহম্মদ জামশিদ এবং নেইল আদ্যা মেসন। তিন জনই ভারতীয় ফুটবলার। যদিও ভারতের নন।

সরপ্রীত, তাহসিন, নেইলেরা না-ই বা খেললেন ভারতের হয়ে। বিশ্বকাপে তাঁরাই ভারতীয়দের আকর্ষণের কেন্দ্র। গোটা বিশ্বের সামনে তাঁরা অন্তত প্রমাণ করতে পারবেন, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলেও ভারতীয়েরা বেমানান নন। এক বিশ্বকাপে তিন জন ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার। ফিফা ক্রমতালিকায় ১৩৬ নম্বরে থাকা দেশের জন্য এটাই যথেষ্ট। কারা এই তিন জন? কোন দেশের প্রতিনিধিত্ব করবেন? এক এক করে পরিচয় জেনে নেওয়া যাক।

সরপ্রীত সিংহ: ২৭ বছরের আক্রমণাত্মক মিডফিল্ডার নিউ জ়িল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলবেন। ওয়েলিংটন ফোনিক্সের ফুটবলার নিউ জ়িল্যান্ড জাতীয় দলের সদস্য সরপ্রীত। এই ক্লাবের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছেন তিনি। মাঝ মাঠ থেকে খেলা তৈরি করতে পারেন। বল ডিস্ট্রিবিউশন ভাল। ২৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩টি গোল করেছেন সরপ্রীত। নিউ জ়িল্যান্ডের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। প্যারিস অলিম্পিক্সেও নিউ জ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ছিলেন বেয়ার্ন মিউনিখে। জার্মানির ক্লাবটির দ্বিতীয় দলের হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন। মূল দলের হয়েও দু’টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে মুম্বইয়ে এসেছিলেন। তখন ভারতীয় দলের বিরুদ্ধে খেলেছেন।

জন্মসূত্রেই নিউ জ়িল্যান্ডের নাগরিক সরপ্রীতের। অকল্যান্ডে বড় হয়েছেন। বাবা-মার সঙ্গে একাধিক বার ভারতে এসেছেন। পঞ্জাবের গ্রামের বাড়িতে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগও রয়েছে। কাজের সন্ধানে তাঁর বাবা-মা নিউ জ়িল্যান্ডে যান। সেখানেই পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। অকল্যান্ডে তাঁদের একটি মুদিখানার দোকান রয়েছে। জন্ম, বেড়ে ওঠা নিউ জ়িল্যান্ডে হলেও ভারতীয় সত্ত্বা নিয়ে তিনি গর্বিত। ইংরেজি, জার্মান এবং পঞ্জাবিতে কথা বলতে পারেন সরপ্রীত।

তাহসিন মহম্মদ জামশিদ: ১৯ বছরের উইঙ্গার তাহসিন কাতারের ফুটবলার। অত্যন্ত দ্রুত ওঠা-নামা করতে পারেন। ভাল জায়গা নিতে পারেন। অনুমান ক্ষমতা ভাল। তরুণ ফুটবলার প্রথম একাদশে এখনও নিয়মিত নন। দেশের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা নিশ্চিত নয়। তাহসিনের জন্ম দোহায় হলেও তাঁর বাবা-মা আদতে কেরলের বাসিন্দা। মালয়ালি তাহসিন একাধিক বার ভারতে এসেছেন। এ দেশে থাকা আত্মীয়-বন্ধুদের সঙ্গে তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ রয়েছে।

কাতারের আল-দুহেল এসসির হয়ে খেলেন তাহসিন। কাতারের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৭ দলের প্রতিনিধিত্ব করেছেন। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললে ইতিহাস তৈরি করবেন তাহসিন। প্রথম মালয়ালি ফুটবলার হিসাবে বিশ্বকাপ খেলবেন তিনি।

নেইল আদ্যা মেসন: সরপ্রীত এবং তাহসিনের মতো না হলেও ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে মেসনের। ২৯ বছরের ডিফেন্ডার অ্যাস্টন ভিলার প্রাক্তন ফুটবলার। এখন খেলেন কাতার এসসিতে। রিয়াল মাদ্রিদ, ব্ল্যাকবার্ন রোভার্স, সাদাম্পটন, অ্যাস্টন ভিলার যুব দলের হয়ে খেলেছেন। ৭ বছর বয়সে যোগ দিয়েছিলেন রিয়ালের অ্যাকাডেমিতে। ব্রাইটনে জন্মগ্রহণের কারণে ইংল্যান্ডের নাগরিক মেসন। তাঁর বাবা আমেরিকান এবং মা ভারতীয়। মেসনের পরিবার মূলত স্পেনের বাসিন্দা। বর্তমানে তাঁরা থাকেন কাতারে।

মেসনের সামনে তিনটি দেশের হয়ে খেলার সুযোগ ছিল। ভারত, আমেরিকাকে ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন ইংল্যান্ডকে। কিন্তু কখনও ইংল্যান্ডের জার্সি পরার সুযোগ পাননি। আন্তর্জাতিক ফুটবল খেলার স্বপ্নপূরণের জন্য শেষ পর্যন্ত বেছে নিয়েছেন কাতারকে। গত মার্চে প্রথম বার কাতারের জাতীয় দলে ডাক পেয়েছেন।

২০১৮ সালে বিতর্কে জড়িয়ে পড়েন মেসন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক মহিলা। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ডনকাস্টারের একটি বারে। ২০১৯ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। ছ’মাসের কারাবাস হয়। ফুটবল থেকেও দু’বছর নিলম্বিত (সাসপেন্ড) থাকতে হয় তাঁকে। ২০২৬ পর্যন্ত তিনি নজরদারির মধ্যে রয়েছেন। এই সময়ের মধ্যে আবার মেসনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠলে কঠোর শাস্তি পেতে হবে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
New Zealand Qatar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy