‘বিগ বস্ ১৯’-এ নজর কেড়েছিলেন তান্যা মিত্তল। তাঁর ১৫০ দেহরক্ষী ও বিলাসবহুল জীবনযাপনের কথা শুনে অবাক হয়েছিলেন দর্শক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তান্যা জানান, তাঁর ঠিক কেমন জীবনসঙ্গী চাই। প্রতিদিন স্বামীর হাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দিতেও ইচ্ছুক তিনি।
তান্যা জানিয়েছেন, তিনি ধনী স্বামী চান না। বরং তিনি নিজেই আর্থিক ভাবে সফল হতে চান, যাতে তাঁর সঙ্গীর যে কোনও বড় প্রয়োজন সহজেই পূরণ করতে পারেন। তান্যা বলেন, “আমি যাকে ভালবাসি বা যার সঙ্গে থাকি, তার জন্য সব কিছু দিতে সবসময় প্রস্তুত থাকি। আমি ধনী স্বামী চাই না। আমার স্বামীর কাছে কিছু না থাকলেও আমার কোনও সমস্যা হবে না।”
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “আমি চাই, সে প্রতিদিন সকালে উঠে আমার কাছে ১০ থেকে ১৫ লক্ষ টাকা চাইবে। আর আমার সেই সামর্থ্য থাকবে যে আমি তাকে প্রতিদিন ১০-১৫ লক্ষ টাকা দিতে পারব। অর্থাৎ আমি এমন ধরনের প্রেমিকা বা স্ত্রী হতে চাই।”
‘বিগ বস্’-এর পরে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তান্যা। খুব শীঘ্রই রান্নার রিয়্যালিটি শো ‘মা হ্যায় না’-তে দেখা যাবে তাঁকে। এই অনুষ্ঠানে তিনি তাঁর মা সুনীতা মিত্তলের সঙ্গে থাকবেন।
‘বিগ বস্’-এ থাকাকালীন নানা রকমের মন্তব্য করেছিলেন তান্যা। তিনি একবার বলেছিলেন, আমার কথা শুনুন। প্রতি সপ্তাহে আমি গ্বালিয়র থেকে দিল্লি উড়ে যাই। সেখান থেকে আবার কোরিয়া উড়ে যাই। সেখানে গিয়ে আমি কোরিয়ার বিশেষ ত্বকচর্চা করাই। আমার ত্বক দেখেছেন কত উজ্জ্বল!” এমনই নানা দাবি করতেন নেটপ্রভাবী তথা অভিনেত্রী।