Advertisement
E-Paper

নো বলের হ্যাটট্রিক! পাঁচ বার একই ভুল আরশদীপের, লজ্জার নজির ভারতীয় পেসারের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভার বলে করে মোট পাঁচটি নো বল করলেন আরশদীপ সিংহ। তার মধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। ভারতের হয়ে লজ্জার নজির গড়লেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২১:০২
দিনটা ভাল গেল না আরশদীপ সিংহের। পাঁচটি নো বল করলেন ভারতের বাঁ হাতি পেসার।

দিনটা ভাল গেল না আরশদীপ সিংহের। পাঁচটি নো বল করলেন ভারতের বাঁ হাতি পেসার। ছবি: বিসিসিআই

লজ্জার নজির গড়লেন ভারতীয় পেসার আরশদীপ সিংহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভারে পাঁচটি নো বল করলেন তিনি। তার মধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। বার বার একই ভুল করছিলেন আরশদীপ। নো বলের জন্য একটি উইকেটও পেলেন না তিনি। তাঁর খারাপ বোলিংয়ের খেসারত দিতে হল ভারতীয় দলকে। বার বার আরশদীপকে নো বল করতে দেখে হতাশ হয়ে যান অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। আরশদীপ ভারতের প্রথম বোলার যিনি নো বলের হ্যাটট্রিক করলেন।

চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলেও দিনটা ভাল গেল না বাঁ হাতি পেসারের। ম্যাচের দ্বিতীয় ওভারেই তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক হার্দিক। প্রথম বলেই তাঁকে চার মারেন পাথুম নিশঙ্ক। পরের চারটি বল ভাল করেন তিনি। দেখে মনে হচ্ছিল, এত দিন পরে ফিরে শুরু থেকেই ছন্দ আরশদীপ। কিন্তু ছন্দ কাটল ওভারের শেষ বলে।

ষষ্ঠ বলে ওভারের প্রথম নো বল করেন আরশদীপ। সেই বলে অবশ্য রান হয়নি। পরের বলটি ছিল ফ্রি হিট। সেই বলে চার মারেন কুশল মেন্ডিস। কিন্তু সেটিও নো বল করেন আরশদীপ। ফলে পরের বলটিও হয় ফ্রি হিট। সেই বলে ছক্কা মারেন মেন্ডিস। কিন্তু তৃতীয় আম্পায়ার জানান, সেই বলটিও নো বল করেছেন আরশদীপ। ফলে আরও একটি বল করতে হয় তাঁকে। সেই বলে আসে ১ রান। প্রথম ওভারে ১৯ রান দেন তিনি।

সেখানেই অবশ্য তাঁর খারাপ দিন শেষ হয়নি। ১৯তম ওভারে বল তাঁর হাতে তুলে দেন হার্দিক। ওভারের চতুর্থ বলে আরশদীপকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন দাসুন শনকা। সেই ক্যাচ সূর্যকুমার তালুবন্দি করলেও তার পরেই তৃতীয় আম্পায়ার জানান আরও একটি নো বল করেছেন আরশদীপ। ফলে উইকেটও পাননি তিনি। সেই শনকা শেষ পর্যন্ত অর্ধশতরান করে শ্রীলঙ্কার রান ২০৬ পর্যন্ত নিয়ে যান। শনকা সেই বলে আউট হয়ে গেলে এত রান হত না।

পরের ফ্রি হিটের বলটিতে ছক্কা মারেন শনকা। কিন্তু সেটিও নো বল করেন আরশদীপ। আবার নো বলের হ্যাটট্রিকের আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু পরের বলটি আর নো করেননি তিনি। যদিও সেই ওভারে ১৮ রান দেন আরশদীপ। ম্যাচে ২ ওভার বল করে ৩৭ রান দেন ভারতের বাঁ হাতি পেসার।

India vs Sri Lanka 2023 Arshdeep Singh India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy