সব কিছু ঠিকঠাক থাকলে ভারতের পড়শি দেশ বাংলাদেশে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার নিখিল চৌধরিকে। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিখিলকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে। ব্যক্তিগত কারণে ট্রেভিস হেড নাম তুলে নিয়েছেন। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ৩০ বছরের নিখিলকে। এখন তিনি ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্রুজের হয়ে খেলছেন। অতীতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অংশ ছিলেন। শুক্রবার ঢাকায় অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
যদি প্রথম একাদশে খেলার সুযোগ পান, তা হলে ৬২ বছর পর প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলবেন। শেষ বার ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত রেক্স সেলারস। তিনি লেগস্পিনার ছিলেন। নিখিল এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলে মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলতে পারেন। জোয়েল ডেভিস এবং অ্যারন হার্ডির সঙ্গে লড়াই করে দলে জায়গা পেতে হবে তাঁকে।
অস্ট্রেলিয়া নির্বাচক টনি ডোডমেড অবশ্য নিখিলকে নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, “অনেকদিন ধরেই আমরা নিখিলের উপরে নজর রাখছি। এই সফরে ওকে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রাখা হয়েছিল। ব্রিসবেনে প্রাক-মরসুম শিবিরে ছিল। হেডে পরিবর্ত হিসেবে ওকে নেওয়া হয়েছে। বিপিএলে নিখিলের ফর্ম দেখে আমরা উত্তেজিত। এই কারণেই ওকে দলে নিয়েছি। বাংলাদেশে নিখিলের প্রচুর অভিজ্ঞতা হবে বলে আশা করি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে নিঃসন্দেহে প্রথম একাদশে নিখিলকে রাখা নিয়ে আলোচনা হবে।”
আরও পড়ুন:
দিল্লিতে জন্মানো নিখিল নিজের রাজ্য দল পঞ্জাবের হয়ে ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। সে সময় পাঞ্জাবের হয়ে খেলেছেন হরভজন সিংহ, শুভমন গিল এবং অভিষেক শর্মা। আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সেও ট্রায়াল দিয়েছেন নিখিল। এই দশকের গোড়ার দিকে তিনি কাকার সঙ্গে দেখা করতে কুইন্সল্যান্ডে গিয়েছিলেন। কোভিডের কারণে অস্ট্রেলিয়ায় আটকে পড়েন। সেটাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অস্ট্রেলিয়াতেই নিজের ক্রিকেটজীবন তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেন। ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নজর কেড়েছেন। এ বার তাঁকে অস্ট্রেলিয়া জার্সিতে দেখা যাবে।