ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের তালিকায় জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। প্রথম বার অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সফল হয়ে সূর্যের মুখে শোনা গিয়েছে দু’বছর আগের কথা। পাশাপাশি জসপ্রীত বুমরাহের প্রশংসা আলাদা ভাবে করেছেন সূর্য।
অহমদাবাদের মাঠে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে সূর্য বলেন, “এই গল্পটা ২০২৪ সালে শুরু হয়েছিল। জয় ভাই তখন সচিব ছিলেন। উনি আমার উপর ভরসা দেখিয়েছিলেন। রোহিত ভাইও আমার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। তার পর থেকে অনেক পরিকল্পনা করেছি। অনেক পরিশ্রম করেছি। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের অভ্যাস এ বারও ধরে রেখেছি।”
বিশ্বকাপ জিতে বুমরাহের কথা শোনা গিয়েছে সূর্যের মুখে। আগের দিন সঞ্জু স্যামসন জানিয়েছিলেন, এক প্রজন্মে বুমরাহের মতো ক্রিকেটার একজনই আসে। আরও খানিকটা এগিয়ে গেলেন সূর্য। তিনি বললেন, “সঞ্জু আগের দিন বলেছিল, বুমরাহের মতো বোলার এক প্রজন্মে একজনই আসে। আমি বলব, বুমরাহ জাতীয় সম্পদ। ও জানে ওকে কী করতে হবে। আমাকে কিছু বলতে হয় না।”
আরও পড়ুন:
পাশাপাশি বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও সঞ্জুর কথাও শোনা গিয়েছে ভারত অধিনায়কের মুখে। সূর্য বলেন, “সঞ্জু ঠিক সময়ে দলে এসে নিজের জাত চিনিয়েছে। বরুণ, অভিষেক বিশ্বের এক নম্বর বোলার, ব্যাটার। ওরা জানে, ওদের কাজ কী। সকলে নিজের ভূমিকা পালন করেছে। দল হিসাবে আমরা জিতেছি।”