ভাল হয়নি শুরুটা। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়ই হেরেছেন শ্রেয়স আয়ার। তা-ও আবার আয়ারল্যান্ডের কাছে। চুনকামের লজ্জা সহ্য করতে হয়েছে পর পর দু’বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের। হারের পর শ্রেয়স জানিয়েছেন, পিচ বুঝতে সমস্যা হয়েছে তাঁদের।
রবিবার আয়ারল্যান্ডের কাছে ১ রানে হারের পর শ্রেয়স বলেন, “আয়ারল্যান্ড পেশাদারিত্ব দেখিয়েছে। ওরা জানত এই পিচে কী ভাবে খেলতে হবে। তাই ওরা জিতেছে। আমরা বুঝতে পারিনি পিচ কী রকম হবে। তাই আমাদের সমস্যা হয়েছে। ভাল ব্যাট করতে পারিনি। বোলারেরা চেষ্টা করেছিল। কিন্তু ওরা আমাদের ব্যাটিংয়েই হারিয়ে দিয়েছে।”
শ্রেয়সের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। এমন নয়, তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেছেন। ট্রফি জিতিয়েছেন। সেই কারণেই বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়েছে। সেই তিনিই যদি আয়ারল্যান্ডের কাছে হেরে পিচকে দায়ী করেন, তা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়।
আরও পড়ুন:
শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও ব্যর্থ শ্রেয়স। দু’টি ম্যাচেই রান পাননি। সূর্যকে অধিনায়কত্ব থেকে সরানোর প্রধান কারণ ছিল তাঁর ব্যাট হাতে খারাপ ফর্ম। কারণ, অধিনায়ক হিসাবে একটি সিরিজ়ও হারেননি তিনি। দেশকে এশিয়া কাপ, বিশ্বকাপ জিতিয়েছেন। শ্রেয়সও তো রান পাচ্ছেন না। ইংল্যান্ড সিরিজ়ে তিনি রান না পেলে কিন্তু শুরুতেই প্রবল চাপের মুখে পড়বেন শ্রেয়স।
ঋষভ পন্থের লজ্জার নজির ছুঁয়েছেন শ্রেয়স। ভারতের অধিনায়ক হিসাবে নিজের প্রথম দু’টি টি-টোয়েন্টি হারের নজির এর আগে একমাত্র পন্থের ছিল। সেই তালিকায় যুক্ত হল শ্রেয়সের নাম।