Advertisement
E-Paper

আয়ারল্যান্ডের হাতে চুনকাম ভারত! লজ্জার হার গম্ভীরদের, প্রথম সিরিজ়ে ডাহা ফেল অধিনায়ক শ্রেয়স

প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতে পারেনি ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়াই করেছে তারা। কিন্তু তার পরেও হারতে হয়েছে ভারতকে। সিরিজ়ে চুনকাম হয়েছেন শ্রেয়স আয়ারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২২:৪৩
cricket

হতাশ শ্রেয়স আয়ার। ছবি: এক্স।

এই দলটাই কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল? কোথায় সেই ভারত? কোথায় তাদের সেই খেলা? দেখে মনে হচ্ছিল, আয়ারল্যান্ড নয়, পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছেন শ্রেয়স আয়ারেরা। দু’টি ম্যাচেই ব্যাটিং, বোলিংয়ে আয়ারল্যান্ড দাপট দেখাল। প্রথম বার ভারতকে টি-টোয়েন্টি সিরিজ় হারাল তারা। তা-ও চুনকাম করে। অধিনায়ক হিসাবে লজ্জার শুরু হল শ্রেয়সের।

প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতে পারেনি ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়াই করেছে তারা। কিন্তু তার পরেও হারতে হয়েছে ভারতকে। প্রথমে ব্যাট করে ১৫৪ রান করেছিল আয়ারল্যান্ড। সেই রানও তাড়া করতে পারেনি ভারতের বিশ্বচ্যাম্পিয়ন ব্যাটিং আক্রমণ। শেষ দিকে হর্ষিত রানা কিছুটা চেষ্টা করেন। পারেননি। ১ রানে হারে ভারত।

দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে জোড়া অভিষেক হয়। সুযোগ পান সূর্যাংশ শেড়গে ও প্রিন্স যাদব। তার পরেও জায়গা দেওয়া হল না বৈভব সূর্যবংশীকে। অথচ চাইলেই সঞ্জু স্যামসনের জায়গায় তাকে খেলানো যেত। সঞ্জু দুই ম্যাচেই রান পেলেন না। আর কবে ধারাবাহিকতা দেখাবেন তিনি? এই সিরিজ়ে তো বৈভবকে খেলিয়ে দেখে নিতে পারতেন গৌতম গম্ভীরেরা।

এই ম্যাচে ভারতের বোলারদের দোষ অবশ্য দেওয়া যায় না। খারাপ বল করেনি তারা। অভিষেকে নজর কাড়লেন প্রিন্স। ৩ উইকেট নিলেন তিনি। ২ করে উইকেট অর্শদীপ সিংহ ও শিবম দুবের। ১ উইকেট নিলেন হর্ষিত। তবে হতাশ করলেন স্পিনারেরা। বোঝা যাচ্ছে, বরুণ চক্রবর্তী না থাকলে স্পিন আক্রমণের কী হাল।

আয়ারল্যান্ডের ইনিংস টানলেন হ্যারি টেক্টর। ৫৩ রান করলেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন বেঞ্জামিন কালজ় ও জর্জ ডকরেল। তাঁদের ব্যাটে ১৫০ রান পার করল আয়ারল্যান্ড। তখন দেখে মনে হচ্ছিল, এই ম্যাচ ভারত জিতবে। কিন্তু আরও এক বার হতাশ করল ভারতের ব্যাটিং আক্রমণ।

ভারতীয় বংশোদ্ভূত জয় মুন্দ্রার হাতে ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। প্রথম ওভারেই সঞ্জু ও অভিষেককে ফেরালেন তিনি। দু’জনেই শূন্য রানে আউট। অধিনায়ক শ্রেয়সকেও ১০ রানে ফেরালেন জয়। ঈশান ১২ রানে রানআউট হলেন। বোঝা গেল, এখনও বাঁহাতি পেসারদের সামনে অসহায় ভারতের ব্যাটারেরা। লেংথ বুঝতে সমস্যা হল তাঁদের। দু’ম্যাচেও আয়ারল্যান্ডের পিচ ও পরিবেশ বুঝে উঠতে পারলেন না তাঁরা।

মাঝে তিলক বর্মা ও শিবম দুবে জুটি গড়েন। তিলক ভাল খেললেন। ৫৫ রান করলেন। কিন্তু তিনি একা খেললে কী হবে। বাকিদেরও তো সঙ্গ দিতে হবে। শেষ দিকে ১০ বলে ২১ রান করে আশা জাগিয়েছিলেন হর্ষিত। কিন্তু তিনি আউট হতেই শেষ ভারতের জয়ের আশা। শেষ বলে ছক্কা মারলেন প্রিন্স। ১ রানে হারল ভারত।

এই সিরিজ় ভারতের সামনে বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিল। আইপিএল খেলে উঠে কি ক্রিকেটারেরা ক্লান্ত হয়ে পড়েছেন? ব্যাটারদের শরীরী ভাষা দেখে তাই মনে হচ্ছে। অতিরিক্ত ক্রিকেট খেলার খেসারত দিতে হচ্ছে ভারতকে? সামনে ইংল্যান্ড সিরিজ়। সেখানে আরও কঠিন লড়াই। বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক করা হয়েছে। শ্রেয়সও কিন্তু রান পেলেন না। প্রথম সিরিজ়েই তাঁর উপর প্রশ্ন উঠে গেল। ইংল্যান্ডে জবাব দিতে না পারলে চাপ আরও বাড়বে শ্রেয়সের উপর।

Team India Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy