টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার রস্টন চেজ় ও আমির জাঙ্গু। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৪০১ রানের জুটি গড়েছেন তাঁরা। এই জুটির মাধ্যমে রেকর্ড গড়েছেন দু’জনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ৬০২ বলে ৪০১ রান করেছেন দুই ব্যাটার। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা আমির ৩৭৩ বলে ২৩৩ রান করেছেন। ১৮৪ রানে অপরাজিত থেকেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক চেজ়। টেস্টে ষষ্ঠ উইকেটে এটি সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দখলে। ২০১৬ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৯৯ রান করেছিলেন তাঁরা। সেই রেকর্ড ভেঙে গেল। অর্থাৎ, টেস্টে ষষ্ঠ উইকেটে এই প্রথম কোনও জুটি ৪০০ রানের বেশি করল।
আরও পড়ুন:
টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বাধিক রানের জুটি। ১৯৫৮ সালে পাকিস্তানের বিরদ্ধে কনরাড হুন্টে ও স্যর গ্যারি সোবার্স ৪৪৬ রান করেছিলেন। সেটাই রেকর্ড। দ্বিতীয় স্থানেও ছিলেন সোবার্স। ১৯৬০ সালে ফ্রাঙ্ক ওরেলের সঙ্গে মিলে ৩৯৯ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে উঠলেন আমির ও চেজ়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে এটি দ্বিতীয় সর্বাধিক রানের জুটি। ১৯৯১ সালে নিউ জ়িল্যান্ডের মার্টিন ক্রো ও অ্যান্ড্রু জোনস ৪৬৭ রানের জুটি বেঁধেছিলেন। দ্বিতীয় স্থানে ছিল ১৯৮৫ সালে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও কাসিম উমরের ৩৯৭ রানের জুটি। সেই জুটি ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার।