Advertisement
E-Paper

ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! শুধু ফ্রান্সেই ১০০০! পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত এক সপ্তাহ ধরে ইউরোপে তাপপ্রবাহ চলছে। আগামী আরও ১০ দিন এই তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২৩:০৯
গরমে নাজেহাল প্যারিস।

গরমে নাজেহাল প্যারিস। — ফাইল চিত্র।

গরমে ফুটছে গোটা ইউরোপ। গত এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের জেরে ইউরোপে এখনও পর্যন্ত ১৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু ফ্রান্সেই মৃত্যু হয়েছে প্রায় ১০০০ জনের।

গত ২১ জুন থেকে ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইটালি, অস্ট্রিয়া এবং পশ্চিম ইউক্রেন-সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল গরমে ফুটছে। পারদ কোথাও ছাপিয়েছে ৩৫ ডিগ্রি, কোথাও ৪০ ডিগ্রি, কোথাও আবার তারও বেশি। এ অবস্থায় রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ২১ জুন থেকে এখনও পর্যন্ত তাপপ্রবাহের কারণে ইউরোপে ১৩০০ জনেরও বেশি মারা গিয়েছেন।

গত কয়েক দিনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মৃত্যুর খবর আসতে শুরু করেছে। এ অবস্থায় স্বাস্থ্য পরিষেবার উপর অতিরিক্ত চাপ আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই ওই দেশগুলিকে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে এবং অতিরিক্ত চাপের বিষয়ে সতর্ক করে দিয়েছেন হু-র প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, “ইউরোপের ঘরবাড়ি, অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই ধরনের তাপমাত্রার (সহ্য করার) জন্য তৈরি হয়নি।” এ অবস্থায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন প্রান্তে জাদুঘর এবং স্কুলগুলি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক রবিবার জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের ফলে সে দেশে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছে, মৃতদের মধ্যে বেশির ভাগই বয়স্ক। তাপপ্রবাহের পরিস্থিতি সকলের উপরেই প্রভাব ফেলছে। তবে মৃতদের বেশির ভাগেরই বয়স ৬৫ বা তার বেশি বলে জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এই পরিস্থিতি থেকে এখনই নিস্তার মিলছে না ইউরোপবাসীর। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট ‘লা ট্রিবিউন’-কে জানান, আরও ১০ দিন ধরে চলতে পারে তাপপ্রবাহ। রবিবারও ইউরোপের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছিল। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের উত্তরে ডকসানিতে এ দিন তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলিসিয়াস। জার্মানিতেও বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। তীব্র গরম অনুভূত হচ্ছে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও পোল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলেও। এমনকি রাতের তাপমাত্রাও বিশেষ কমছে না। যেমন শনিবার রাতে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর কুবশুট্‌জ-এর তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি।

Heatwave Europe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy