Advertisement
E-Paper

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিরাপদ থাকতে চাইছে ভারতীয় শিবির, প্রথম একাদশে একটিই বদল করতে পারেন গম্ভীর

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। হার মানে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না গৌতম গম্ভীরেরা। দলে একটি পরিবর্তন হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৮:৫৫
picture of cricket

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রথম একাদশে বড় রদবদলের সম্ভাবনা কম। গত রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে যাঁরা খেলেছিলেন, তাঁরাই খেলতে পারেন বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে প্রতিপক্ষ এবং পিচ বদলে যাওয়ায় বোলিং আক্রমণে সামান্য পরিবর্তন করতে পারেন গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবেরা। ভারতীয় শিবিরকে উদ্বেগে রেখেছে অভিষেক শর্মার ফর্মও।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৫৫ রানের ইনিংস খেলে অভিষেক ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আবার ব্যর্থ হয়েছেন। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁহাতি ওপেনারকে নিয়ে উদ্বেগে রয়েছেন গম্ভীরেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ছাড়াই কি প্রথম একাদশ বেছে নেবেন তাঁরা? সম্ভাবনা কম। সেমিফাইনালে অভিষেককে আর একটা সুযোগ দিতে চাইছে ভারতীয় শিবির। ইংল্যান্ডের বিরুদ্ধে খানিকটা ঝুঁকি নিয়েই অভিষেককে খেলানো হবে। তাঁর সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯৭ রানের ঝকঝকে ইনিংস খেলার পর কেরলের উইকেটরক্ষককে বাদ দেওয়ার কোনও প্রশ্ন নেই।

ব্যাটিং অর্ডারের তিন নম্বরে থাকবেন ঈশান কিশন। নিয়মিত রান না পেলেও ফর্মে রয়েছেন ঝাড়খন্ডের উইকেটরক্ষক। সেমিফাইনালে তাঁর খেলাও নিশ্চিত। চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব। অধিনায়কের ব্যাটিং অর্ডার নিয়ে সংশয় নেই। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যাবে তিলক বর্মাকে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভাল খেলেছেন। প্রয়োজনে অফ স্পিন করতে পারবেন।

ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের ছয় থেকে আট নম্বর পর্যন্ত থাকবেন তিন অলরাউন্ডার। এই জায়গাতেও পরিবর্তনের সম্ভাবনা কম। ছ’নম্বরে ব্যাট করবেন সম্ভবত হার্দিক পাণ্ড্য। বডোদরার অলরাউন্ডার প্রথম একাদশে নিশ্চিত। সাত নম্বরে খেলবেন শিবম দুবে। বল হাতে ভরসা দিতে না পারলেও শেষ দিকে নেমে ব্যাট হাতে দ্রুত রান তুলছেন মুম্বইয়ের ক্রিকেটার। ওয়াংখেড়ের ২২ গজও তাঁর চেনা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি নেবে না ভারতীয় শিবির। আট নম্বরে থাকবেন অক্ষর পটেল। ইংল্যান্ডের বিরুদ্ধে সহ-অধিনায়কের খেলাও নিশ্চিত।

শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে প্রশ্ন নেই। ওয়াংখেড়ের পিচ বুঝে তৃতীয় জন সম্পর্কে সিদ্ধান্ত নেবে ভারতীয় শিবির। খেলার সম্ভাবনা বেশি অর্শদীপ সিংহের। পিচ খুব শুকনো হলে তাঁর জায়গায় শেষ মুহূর্তে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন কুলদীপ যাদব। এটুকু ছাড়া বদলের সম্ভাবনা প্রায় নেই। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ‘নিরাপদ’ একাদশ মাঠে নামাতে চাইছেন গম্ভীর।

ICC T20 World Cup 2026 India vs England semifinal Probable Eleven
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy