E-Paper

বিমান বিভ্রাটে বিপাকে নারাইনরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে একাধিক বিমানবন্দর বন্ধ। দু’দিন আগেই দুবাই বিমানবন্দরের পাশে ড্রোন আক্রমণ হয়েছে। দোহা বিমানবন্দরেও বিমান চলাচল হচ্ছে না। ফলে সুনীল নারাইন, রভম্যান পাওয়েল ও পাওয়ারহিটিং কোচ আন্দ্রে রাসেল কলকাতা পৌঁছতে পারছেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৬:৫৫
মহড়া: ইডেনে নেমে পড়ল কেকেআর। অঙ্গকৃশকে বল করছেন মুজ়ারাবানি। সহকারী কোচ ওয়াটসনের ক্লাসে রাহানে। বুধবার।

মহড়া: ইডেনে নেমে পড়ল কেকেআর। অঙ্গকৃশকে বল করছেন মুজ়ারাবানি। সহকারী কোচ ওয়াটসনের ক্লাসে রাহানে। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক।

আইপিএল শুরু হতে এখনও বাকি ন’দিন। কলকাতা নাইট রাইডার্স মরসুমের প্রথম ম্যাচ খেলতে চলেছে ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে, তা নিয়ে এখন থেকেই উদ্বেগ নাইট শিবিরে। প্রথম ম্যাচে সুনীল নারাইনকে আদৌ পাওয়া যাবে কি না, সেটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে একাধিক বিমানবন্দর বন্ধ। দু’দিন আগেই দুবাই বিমানবন্দরের পাশে ড্রোন আক্রমণ হয়েছে। দোহা বিমানবন্দরেও বিমান চলাচল হচ্ছে না। ফলে সুনীল নারাইন, রভম্যান পাওয়েল ও পাওয়ারহিটিং কোচ আন্দ্রে রাসেল কলকাতা পৌঁছতে পারছেন না। একাধিক বার বিমানের টিকিট কেটে বাতিল করতে হয়েছে। নারাইন, পাওয়েলরা কবে কলকাতা পৌঁছবেন, এখনই বলা যাচ্ছে না।

গত আইপিএলে ভারত-পাক যুদ্ধপরিস্থিতিতে ধর্মশালায় আলো নিভিয়ে বন্ধ করতে হয়েছিল ম্যাচ। আইপিএল বেশ কয়েক দিন বন্ধও ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাকি ম্যাচগুলো হয়। এ বার পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবও কি আইপিএলে পড়তে চলেছে? বিশ্বজুড়ে বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। নারাইন ও পাওয়েল কবে কলকাতা এসে পৌঁছবেন, এখনও পরিষ্কার নয়। ব্লেসিং মুজ়ারাবানি ছাড়া আর কোনও বিদেশি ক্রিকেটার কলকাতা এসে পৌঁছননি।

কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, নিউ জ়িল্যান্ডের ত্রয়ী— ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও রাচিন রবীন্দ্র বৃহস্পতিবার শহরে আসছেন। তাঁদের সঙ্গেই আসবেন বোলিং কোচ টিম সাউদি। ভারতীয় তারকাদের মধ্যে রহস্য স্পিনার সি ভি বরুণেরও বৃহস্পতিবার আসার কথা। ২০ মার্চ আসছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। যাঁকে রাসেলের পরিবর্ত অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে।

নজরে: অনুশীলনের ফাঁকে বৈভবের সঙ্গে দক্ষ (ডান দিকে)।

নজরে: অনুশীলনের ফাঁকে বৈভবের সঙ্গে দক্ষ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

তবে জটিলতা তৈরি হয়েছে ক্যারিবিয়ান তারকাদের নিয়ে। রাসেল ও রভম্যান পাওয়েল জামাইকার ক্রিকেটার। তাঁরা একসঙ্গে ২৪ মার্চ আসতে পারেন। তবে নারাইনের বাড়ি ত্রিনিদাদে। তাঁকে ইউরোপ হয়ে আসতে হবে। যেভাবে আমস্টারডাম হয়ে এসেছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো। একটা সূত্র বলছে, ২৪ মার্চ নারাইন কলকাতায় পৌঁছতে পারেন। যদিও অনিশ্চয়তা রয়েছে। পশ্চিম এশিয়ায় যদি পরিস্থিতি আরও খারাপ হয়, বিমান আবারও বাতিল হতে পারে। সে ক্ষেত্রে ২৯ মার্চের আগে সরাসরি মুম্বই পৌঁছতে হবে ক্যারিবিয়ান-ত্রয়ীকে।

চোট সমস্যা কাটিয়ে উঠতে পারেননি মাথিশা পাথিরানাও। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এখনও তাঁকে সবুজ-সঙ্কেত দেয়নি। আপাতত রিহ্যাব চলছে পাথিরানার। তিনি কিছুটা ফিট হলেই ভারতে আসার সবুজ সঙ্কেত পাবেন। তবে প্রথম দু’ম্যাচে খেলার মতো পরিস্থিতি নেই। কলকাতায় এসেও রিহ্যাব করতে হতে পারে তরুণ পেসারকে। হর্ষিত রানা আদৌ এ বারের আইপিএল খেলবেন কি না, পরিষ্কার নয়। তাঁর পরিবর্ত খোঁজার জন্য মুম্বইয়েই ট্রায়াল নেওয়া হয়েছে সিমরজিৎ সিংহের। ইডেনে এ দিন ট্রায়াল দিতে এসেছিলেন কে এম আসিফ ও সন্দীপ ওয়ারিয়র। চেন্নাই সুপার কিংসের হয়ে গত বার খেলেছিলেন আসিফ। সন্দীপ যদিও কেকেআর জার্সিতে আগে খেলেছেন। হর্ষিতের পরিবর্ত হিসেবে কাকে বেছে নেওয়া হয়, সেটাই দেখার।

ইডেনে প্রস্তুতির প্রথম দিন শঙ্খ বাজিয়ে স্বাগত জানানো হয় ক্রিকেটারদের। বুধবার নাইটদের অনুশীলনে নজর কাড়লেন নতুন রহস্য-স্পিনার দক্ষ কামরা। হরিয়ানার এই স্পিনার এখনও পর্যন্ত রাজ্যের হয়ে কোনও ম্যাচ খেলেননি। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে ছয় ইনিংসে ১১ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। স্পিনার হলেও ঘণ্টায় ৯৫ থেকে ৯৭ কিলোমিটার গতিতে গুগলি করতে পারেন। এ ছাড়াও লেগস্পিন, স্লাইডার, ফ্লিপারও করে দেখালেন তিনি। দক্ষের বলে এক বার আউট হলেন অজিঙ্ক রাহানে। দু’বার বোল্ড করেন অঙ্গকৃশ রঘুবংশীকে। সুনীল নারাইন ও সি ভি বরুণের পরে নাইটদের স্পিন বিভাগের কি নতুন অস্ত্র হয়ে উঠবেন তিনি?

দক্ষের দক্ষতা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। বুধবার অনুশীলন শুরু হওয়ার আগে কোচ অভিষেক নায়ার সকলের সামনে তাঁকে রহস্য স্পিনার বলে আলাপ করিয়ে দেন। ক্রিকেটারদের সঙ্গে প্রথম আলাপে কোচ বলেছেন, ‘‘আমাদের জার্সিতে তিনটি তারা ইতিমধ্যেই আছে। চতুর্থ তারার খোঁজে নামছি এ বার। মাথায় রাখতে হবে, দক্ষতার চেয়েও জরুরি মানসিক দৃঢ়তা। আমরা যেন মাঠে হাল না ছাড়ি।’’

অনুশীলনের প্রথম দিন বড় শটের মহড়ায় নজর কাড়েন সাংসদ পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন। কয়েক বছর আগে ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন। গত বছর ফিরে দিল্লি প্রিমিয়ার লিগে শতরান করেন সার্থক। একটি ইনিংসই আইপিএলের দরজা খুলে দেয় তাঁর জন্য। রিঙ্কু সিংহের সঙ্গে জুটি বেধে একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন সার্থক।

কর্ণধার শাহরুখ খানের ভক্ত তিনি। ২ এপ্রিল কলকাতায় আসার কথা শাহরুখের। তাঁর সামনে নাইট শিবিরে তাঁর যাত্রা ‘সার্থক’ হয় কি না, সময়ই বলবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

IPL 2026 Sunil Narine Kolkata Knight Riders West Asia flight disruption KKR Rovman Powell Andre Russell

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy