Advertisement
E-Paper

গম্ভীর কাউকে স্বস্তিতে থাকতে দেওয়ার মানুষ নন! ভারতীয় সাজঘরের পরিবেশ নিয়ে অভিযোগ প্রাক্তন ক্রিকেটারের

২০২৪ সালের জুলাইয়ে ভারতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। টেস্ট ক্রিকেটে দল প্রত্যাশিত সাফল্য না পেলেও সাদা বলের ক্রিকেটে সফল। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে ভারত। ২০২৬ সালে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৯:২৯
picture of cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

আইপিএলের মাঝে ভারতীয় দলের সাজঘরের পরিবেশ নিয়ে হঠাৎ সরব প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। তাঁর দাবি, কোচ গৌতম গম্ভীরকে নিয়ে দলের কয়েক জন ক্রিকেটার অসন্তুষ্ট। ওয়াসনের অভিযোগ, গম্ভীর কাউকে স্বস্তিতে থাকতে দেওয়ার মানুষ নন।

গম্ভীরের মতো ওয়াসনও দিল্লির ক্রিকেটার। দেশের হয়ে ৪টি টেস্ট এবং ৯টি এক দিনের ম্যাচ খেলেছিলেন ১৯৯০ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯১ সালের জানুয়ারির মধ্যে। গম্ভীর ঘরোয়া ক্রিকেট খেলার সময় ওয়াসন ছিলেন দিল্লির রঞ্জি দলের অন্যতম নির্বাচক। গম্ভীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই মুখ খুলেছেন প্রাক্তন জোরে বোলার।

একটি সাক্ষাৎকারে ওয়াসন বলেছেন, ‘‘আমি নিশ্চিত দলের সব ক্রিকেটার আনন্দে নেই। অনেককেই দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে হয়। পছন্দ-অপছন্দের সমস্যা সব ক্ষেত্রেই থাকে। গম্ভীরের মতো কঠিন ব্যক্তিত্বের মানুষের ক্ষেত্রে আরও বেশি থাকে। এই বিষয়টা দলের মধ্যে এক ধরনের পরিস্থিতি তৈরি করে। যতক্ষণ সাফল্য আসে, ততক্ষণ এ সব নিয়ে কথা হয় না। দল ব্যর্থ হলেই নানা রকম সমালোচনা শুরু হয়ে যায়।’’

গম্ভীরের দলে কি এ রকম সমস্যা রয়েছে? ওয়াসন বলেছেন, ‘‘আছে। দু’এক জনের কথা আমি জানি। ওরা প্রকাশ্যে স্বীকার করতে পারবে না। আমিও নাম বলে ওদের সমস্যায় ফেলতে চাই না। তবে সকলেই জানে, দলে কী চলছে।’’ ওয়াসন আরও বলেছেন, ‘‘দু’চার জনকে সরিয়ে দেওয়ার পরও যদি সাফল্য আসে, তা হলে সকলে সঙ্গে থাকে। এটা দলগত খেলা। কোনও ক্রিকেটারের ব্যক্তিগত বক্তব্য গুরুত্ব পায় না। সব কিছু করেও কোচ সাফল্য পেলে, তাঁকে ঠিক বলতেই হয়। কোনও ক্রিকেটারের বক্তব্যকে তখন পাত্তা দেওয়া হয় না।’’

২০২৪ সালের জুলাই থেকে ভারতীয় দলের কোচ গম্ভীর। টেস্ট ক্রিকেটে তাঁর দল প্রত্যাশিত সাফল্য না পেলেও সাদা বলের ক্রিকেটে সফল। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে ভারত। ২০২৬ সালে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গম্ভীরের সময়ই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এক দিনের দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে রোহিতকে। টেস্টে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে।

Indian Cricket team Gautam Gambhir BCCI Atul Wassan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy