Advertisement
E-Paper

রবিবার ছোটদের বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, জিতলেই শেষ চারে বৈভবেরা, চোটের ধাক্কা পাক শিবিরে

চতুর্থ দল হিসাবে ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে ভারত অথবা পাকিস্তান। রবিবার ভারত জিতলেই শেষ চারে চলে যাবে। পাকিস্তানকে শুধু জিতলেই হবে না। নেট রান রেটেও ভারতকে টপকাতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩
picture of cricket

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। চতুর্থ দল চূড়ান্ত হবে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর। দু’দলের কাছেই এই ম্যাচ এক রকম কোয়ার্টার ফাইনাল।

পাকিস্তানের বিরুদ্ধে আয়ুষ মাত্রেরা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছোবেন। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। পাকিস্তান জিতলে দু’দলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে বিবেচ্য হবে নেট রান রেট। তাতেও সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল।

সুপার সিক্সের গ্রুপ টু-এ ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচের আগে ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ৬। সমসংখ্যক পাকিস্তানের পয়েন্ট ৪। ভারতের নেট রান রেট ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই পাকিস্তানকে শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা পাক শিবিরে। উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ শায়ান চোট পেয়ে ছিটকে গিয়েছেন ছোটদের বিশ্বকাপ থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘‘অনুশীলন ম্যাচে এক জোরে বোলারের বলে নাকে চোট পেয়েছেন মহম্মদ শায়ান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শায়ান আর খেলতে পারবে না। চোট পাওয়ার পর শায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করে দেখা গিয়েছে, ওর নাকের হাড় ভেঙে গিয়েছে। দ্রুত শায়ানের পরিবর্ত ক্রিকেটারের মান ঘোষণা করা হবে।’’ শায়ান অবশ্য পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় উইকেটরক্ষক। বিশ্বকাপের ম্যাচগুলি খেলছেন প্রথম উইকেটরক্ষক হামজ়া জ়াহুর।

পাকিস্তান ম্যাচের আগে মাত্রেরা ফুরফুরে মেজাজে। এখনও পর্যন্ত ছোটদের বিশ্বকাপে অপরাজিত পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্র, অভিজ্ঞান কুন্ডুদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর। ভারতের ছোটদের দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক। ক্রিকেটীয় বিষয় ছাড়াও নানা ব্যাপারে আগামী দিনের তারকাদের সঙ্গে কথা বলেছেন সচিন। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে তাঁর পরামর্শ পেয়ে উচ্ছ্বসিত মাত্রেরা।

ICC U19 World Cup 2026 India vs Pakistan Semi-final Vaibhav Sooryavanshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy