Advertisement
E-Paper

ইউরোপের লিগে একসঙ্গে দল কিনছেন দ্রাবিড়, অশ্বিন! আইপিএল ছেড়ে এ বার বিদেশে পাড়ি ভারতের দুই প্রাক্তনীর

রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার একসঙ্গে বিদেশের লিগে দল কিনতে চলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৯:১৮
cricket

(বাঁ দিকে) রাহুল দ্রাবিড়। রবিচন্দ্রন অশ্বিন (ডান দিকে)। — ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল দ্রাবিড়। আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার এ বার একসঙ্গে বিদেশের লিগে দল কিনতে চলেছেন। এমনই খবর জানা গিয়েছে।

ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগে (ইটিপিএল) ভারতীয়দের নিয়ে তৈরি কনসর্টিয়ামের সদস্য হয়েছেন দ্রাবিড় এবং অশ্বিন। তাঁরা গ্লাসগোর দলটি কিনতে চলেছেন বলে জানা গিয়েছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘বিবিসি স্পোর্ট’ তেমন খবরই প্রকাশ করেছেন।

ইটিপিএলে নেদারল্যান্ডসের রটারডামের দলটিও যেতে চলেছে ক্রিকেটারদের গোষ্ঠীর হাতে। দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি, হাইনরিখ ক্লাসেন এবং জন্টি রোডসের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী ওই দলটি কিনতে চলেছে। এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ভাবে দল দু’টির নাম ঘোষণা করা হবে।

ইটিপিএল এ বছরের মাঝামাঝি কোনও এক সময়ে আয়োজন করা হবে। আমস্টারডাম, বেলফাস্ট এবং এডিনবরার দলগুলি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। কিনেছেন অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডের ব্যবসায়ীরা। শুধু মাত্র ডাবলিন দলটি এখনও বিক্রি হয়নি। তবে বিভিন্ন মহল থেকে দলটি কেনার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এর দু’টি দলের মালিক ডাবলিনের দলটি কিনতে আগ্রহী বলে জানা গিয়েছে।

৩৯ বছরের অশ্বিন গত বছর আইপিএলকে বিদায় জানান। তখনই ঘোষণা করেছিলেন বিদেশের কোনও লিগে খেলতে পারেন। তার পরেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে সই করেন। তবে গত ডিসেম্বরে চেন্নাইয়ে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান অশ্বিন। তাই বিবিএলে খেলা হয়নি। ইটিপিএলে তিনি খেলবেন কি না তা এখনও জানা যায়নি।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইটিপিএলে অশ্বিনের জড়িয়ে পড়া নিঃসন্দেহে একটি বড় ব্যাপার। কারণ যে দলের মালিক হবেন সেই দলের হয়ে খেলতেও পারেন তিনি। অপর দিকে, স্কটল্যান্ডের ক্রিকেটের সঙ্গে দ্রাবিড়ের যোগাযোগ বহু আগে থেকেই। ২০০৩-এ কাউন্টি ক্রিকেটে খেলার সময় তিনি স্কটল্যান্ডের হয়ে একটি গোটা মরসুম খেলেছেন। জাতীয় ক্রিকেট লিগে দ্রাবিড় ১১টি ম্যাচে তিনটি শতরান-সহ ৬০০-রও বেশি রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২৪ হাজারের বেশি রান রয়েছে। ২০২১-এর নভেম্বর থেকে ২০২৪-এর জুন পর্যন্ত তিনি ভারতীয় দলের কোচ ছিলেন।

Rahul Dravid Ravichandran Ashwin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy