Advertisement
E-Paper

তারকাপ্রথা নিয়ে গম্ভীরের বিপরীত মেরুতে দ্রাবিড়, কোহলি-রোহিতদের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তারকাপ্রথায় বিশ্বাসী নন। রাহুল দ্রাবিড়ের বক্তব্য, যে কোনও খেলাতেই তারকা থাকে। সব সময় থাকে। তারকার প্রয়োজন আছে। খেলোয়াড়েরা নিজে নিজে তারকা হয়ে যায় না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:১৭
picture of cricket

(বাঁ দিক থেকে) বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা। —ফাইল চিত্র।

গৌতম গম্ভীরের তত্ত্বে আস্থা নেই রাহুল দ্রাবিড়ের। ভারতীয় দলের বর্তমান কোচ দলে তারকা প্রথায় বিশ্বাসী নন। প্রাক্তন কোচের অবস্থান ঠিক বিপরীত। দ্রাবিড় মনে করেন ক্রীড়াজগতে তারকার প্রয়োজন রয়েছে।

ভারতীয় দলের কোচ হওয়ার পর তারকাপ্রথা বিলোপ করতে কড়া অবস্থান নিয়েছেন গম্ভীর। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারেরাও ছাড় পাননি। গম্ভীরের দর্শনের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি তাঁরা। যা থেকে কোচের সঙ্গে তাঁদের দূরত্বও তৈরি হয়। দ্রাবিড়ের মতে, ক্রীড়াজগতে সব সময় তারকারা ছিলেন। তাঁদের প্রয়োজনও রয়েছে। এক সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘যে কোনও খেলাতেই তারকা থাকে। পারফর্ম না করে কেউ নায়ক হয় না। ভারতে তো নয়ই। কারণ এখানে সমর্থকেরা যেমন প্রশংসায় ভরিয়ে দেন, তেমনই বিদ্রুপ বা কটাক্ষ করতেও ছাড়েন না। সব সময় খেলোয়াড়দের নজরে রাখা হয়। কাটা ছেঁড়া চলে। দেশের হয়ে ভাল খেলতে না পারলে নজরকাড়া সম্ভব নয়। এ দেশে কেউ তারকা বা কিংবদন্তির মর্যাদা পেয়েছে মানে, সে ধারাবাহিক ভাবে ভাল খেলেছে। পারফর্ম করে দেশকে জিতিয়েছে। সে জন্যই তারকার স্বীকৃতি পেয়েছে। তাই খেলার জগতে সব সময় তারকা প্রয়োজন আছে।’’

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণদের উদাহরণ দিয়েছেন দ্রাবিড়। তাঁর যুক্তি কেউ নিজে নিজে তারকা হন না। ক্রিকেটপ্রেমীরাই তাঁদের তারকার মর্যাদা দিয়েছেন। ওই দলই ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

কোহলি, রোহিত, অশ্বিনদের মতো ক্রিকেটারের বিকল্প পাওয়া সহজ নয় বলেও জানিয়েছেন দ্রাবিড়। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘টেস্টে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ খারাপ। ভারতীয় দল দু’তিনটে সিরিজ়ে ভাল করতে পারেনি। সেটা হতেই পারে। দলে বড় নাম কয়েক জন ছিল না। কোহলি, রোহিত, অশ্বিন অবসর নিয়েছে। ওদের মতো খেলোয়াড়ের জায়গা নেওয়া সহজ নয়। তা-ও বলব ভারতীয় ক্রিকেট খুবই শক্তিশালী। আমার বিশ্বাস তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় দলের ভাল ফল করার ক্ষমতা রয়েছে। হয়তো একটু সময় লাগবে। আশা করব, আসন্ন মরসুমেই আমরা অন্যরকম ফলাফল দেখতে পাব।’’

অতিরিক্ত সাদা বলের ক্রিকেট টেস্টের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন দ্রাবিড়। তাঁর বক্তব্য, সারা বছর প্রচুর সাদা বলের ক্রিকেট হয়। তার মাঝে মাঝে লাল বলের ক্রিকেট খেলতে হয়। ক্রিকেটারদের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হয় অনেক ক্ষেত্রে। সেটাই প্রভাব ফেলে পারফরম্যান্সে।

Indian Cricket Gautam Gambhir Rahul Dravid coach Stars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy