Advertisement
E-Paper

শাহবাজ়ের লড়াকু ব্যাটিং! বাংলার প্রথম ইনিংস শেষ, এখনও শেষ চার নিশ্চিত নয় মনোজদের

ঘরের মাঠে রঞ্জির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে খুব বড় লিড নিতে পারল না বাংলা। ভাল খেললেন শাহবাজ় আহমেদ। কিন্তু বাকিরা তাঁকে তেমন সাহায্য করতে পারলেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৪
Picture of Shahbaz Ahmed in Bengal Jersey

বাংলার হয়ে ভাল ব্যাট করলেন শাহবাজ় আহমেদ। তাঁর ব্যাটেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৩০০ পার করল বাংলা। ফাইল চিত্র

দ্বিতীয় দিনের শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেছিলেন, প্রথম ইনিংসে যত বেশি সম্ভব লিড নেওয়ার চেষ্টা করবেন তাঁরা। কিন্তু আদতে সেটা হল না। তৃতীয় দিন সকালে একাই লড়লেন শাহবাজ় আহমেদ। তাঁকে বাকিরা সাহায্য করতে পারলেন না। ফলে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫৫ রানের বেশি লিড নিতে পারলেন না মনোজ তিওয়ারিরা।

অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামির ব্যাটে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট ২৩৮ রান করেছিল বাংলা। ৬৫ রানের লিড ছিল। ক্রিজে ছিলেন শাহবাজ় ও অভিষেক পোড়েল। তৃতীয় দিন খুব বেশি রান করতে পারেননি অভিষেক। ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। নীচের দিকের ব্যাটাররা রান পাননি। একাই খেললেন শাহবাজ়। নীচের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে দলের রানকে ৩০০ পার করালেন। অর্ধশতরান করলেন তিনি।

অন্য দিকে উইকেট পড়তে থাকায় শেষ দিকে চালিয়ে খেলতেই হত শাহবাজ়কে। সেটাই করছিলেন তিনি। দ্রুত রান তুলতে গিয়ে ৮১ রানের মাথায় আউট হলেন এই বাঁ হাতি অলরাউন্ডার। দলের হয়ে প্রথম ইনিংসে সব থেকে বেশি রান করলেন তিনি। শাহবাজ় আউট হতেই ৩২৮ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস।

দ্বিতীয় দিনের শেষে লক্ষ্মী বলেছিলেন, ইডেনের উইকেটে এখনও যে কোনও ফল হতে পারে। প্রথম দু’দিনের খেলায় সেটাই দেখা গিয়েছে। তাই ১৫৫ রানের লিড নিয়েও খুব স্বস্তিতে থাকবে না বাংলা। কারণ, এখনও প্রায় দু’দিনের খেলা বাকি। অনেক কিছুই হতে পারে। তাই দ্বিতীয় ইনিংসে বাংলার বোলারদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব ঝাড়খণ্ডকে অলআউট করা। এখন দেখার আকাশ দীপ, মুকেশ কুমাররা সেই কাজটা কেমন করেন।

Ranji Trophy bengal cricket Shahbaz Ahmed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy