Advertisement
E-Paper

চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে মরিয়া পন্থ, আইপিএলের আগে কি খেলতে দেখা যাবে লখনউয়ের অধিনায়ককে?

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে চোট পেয়েছিলেন তিনি। তা সারিয়ে দ্রুত মাঠে ফিরতে চান ঋষভ পন্থ। তাঁর আশা, আইপিএলের আগেই মাঠে ফিরতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭
cricket

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে চোট পেয়েছিলেন তিনি। পেশিতে চোট লেগেছিল তাঁর। সেই চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে চান ঋষভ পন্থ। তবে তাড়াহুড়ো করতে চান না। কারণ আইপিএল শুরু হওয়ার আগে হাতে অনেকটাই সময় রয়েছে। পন্থের আশা, তার আগেই মাঠে ফিরতে পারবেন তিনি।

কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি পন্থ। টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ছিলেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও নেই। ফলে সেরে ওঠার জন্য বেশ কিছুটা সময় পেয়েছেন তিনি। সেটাকেই কাজে লাগাতে চাইছেন। পাশাপাশি, নিজেকে পর্যালোচনা করে দেখার সময়ও পাচ্ছেন তিনি।

বিশ্ব পিকলবল লিগের এক অনুষ্ঠানে বুধবার পন্থ বলেছেন, “রোজ আমার ফিটনেসের একটু একটু করে উন্নতি হচ্ছে। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে পরিশ্রম করছি। আশা করি দ্রুত মাঠে নামতে পারব।”

পন্থের সংযোজন, “চোট পাওয়ার পর ক্রিকেটের প্রতি ভালবাসা আরও বেড়ে যায় আমার। তাই জন্যই দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করি। অনেকেই পাশে থাকেন। ক্রিকেটার হিসাবে রোজই নিজের উন্নতি দেখতে চাই। নিজেকে আরও ভাল করে তোলার চেষ্টা করছি।”

গাড়ি দুর্ঘটনায় চোট পেয়ে ক্রিকেটজীবন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সে সব কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন। ইংল্যান্ড সিরিজ়ে গোড়ালি ভাঙার পরেও ক্রিকেটে ফিরেছেন। পন্থের আশা, এ বারও তাঁর প্রত্যাবর্তন হবে শক্তিশালী। প্রতিটি প্রত্যাবর্তন থেকে কিছু না কিছু শিখেছেন বলে জানিয়েছেন ভারতের উইকেটকিপার।

পন্থের কথায়, “প্রতিটা প্রত্যাবর্তনই জীবনের ব্যাপারে আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কৃতজ্ঞতার অর্থ শিখেছি, কী ভাবে আশেপাশের জিনিসকে দেখতে হবে এবং ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে খুশি থাকতে হবে, সেটা শিখেছি। চোট পেলে ক্রিকেট খেলাটা খুব মিস্ করি। ক্রিকেট প্রচণ্ড ভালবাসি। তবে মাঠে নেমে খেললেই সেটা সবচেয়ে ভাল উপভোগ করা যায়। চোট পেলে সেটাই সবচেয়ে মিস্ করি।”

Rishabh Pant IPL 2026 Lucknow Super Giants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy