Advertisement
E-Paper

Rohit Sharma: কপিলকে সপাটে জবাব রোহিতের, পাশে দাঁড়ালেন কোহলীর

ধারাবাহিক ব্যর্থতার পরে বিরাট কোহলীর দলে থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল দেব। কোহলী মুখ না খুললেও কপিলকে জবাব দিয়েছেন রোহিত শর্মা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১০:৫৭
কোহলীর পাশে রোহিত

কোহলীর পাশে রোহিত ফাইল চিত্র

বিরাট কোহলীর ভারতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব। ধারাবাহিক ব্যর্থতার পরেও কেন কোহলীকে সুযোগ দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন করেছিলেন তিনি। এই প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা। সতীর্থের পাশে দাঁড়িয়ে কপিলকে একহাত নিলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা ভাল করলেও মাত্র ১১ রান করে আউট হয়ে যান কোহলী। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কপিলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘‘উনি বাইরে থেকে খেলা দেখছেন। দলের ভিতরে কী হচ্ছে সেটা জানেন না। আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এই দল তৈরি করেছি। ক্রিকেটারদের পাশে দল সব সময় রয়েছে। এগুলো বাইরে থেকে বোঝা যায় না। তাই বাইরে কে কী বলল তা নিয়ে আমরা চিন্তা করি না। দলের ভিতরে কী হচ্ছে, সেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’’

গত তিন বছর ধরে কোহলীর ব্যাটে বড় রান নেই। বার বার এমন শট খেলে আউট হচ্ছেন, যা মোটেও কোহলীচিত নয়। রবিবার তো সহজ ক্যাচও ফস্কেছেন। এত কিছুর পরেও কোহলীর ছন্দ নিয়ে চিন্তা করতে নারাজ রোহিত। তিনি তুলে এনেছেন কোহলীর অতীতের প্রসঙ্গ। কী ভাবে একের পর এক ম্যাচ তিনি ভারতকে জিতিয়েছেন সেই কথা মনে করিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

রোহিত বলেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে ভাল-খারাপ সময় আসে। তাতে সেই ক্রিকেটারের মান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। এক জন ক্রিকেটার এত বছর ধরে ভাল খেলেছে। কয়েকটা সিরিজে খারাপ খেললে সে খারাপ ক্রিকেটার হয়ে যায় না। কোহলীর অতীতের খেলা আমাদের ভোলা উচিত নয়। আমরা ওর পাশে রয়েছি। বাইরের কোনও সমালোচনাকে আমরা গুরুত্ব দিই না।’’

কয়েক দিন আগে আগে কোহলীর সমালোচনা করে কপিল বলেছিলেন, ‘‘এখন এমন পরিস্থিতি যে কোহলীকে টি-টোয়েন্টি দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায়, তা হলে কোহলীকে বাইরে রাখতে সমস্যা কোথায়।’’ কপিল আরও বলেছিলেন, ‘‘শুধু মাত্র বড় ক্রিকেটার হলেই তাকে দলে নিলে হবে না। যত বড় ক্রিকেটারই হোক না কেন, দীর্ঘ দিন রান না করলেও তাকে দলে রাখতে হবে, তার কোনও মানে নেই। এতে ছন্দে থাকা ক্রিকেটারদের ক্ষতি হবে।’’ কপিলের এই মন্তব্যেরই জবাব দিয়েছেন রোহিত।

Virat Kohli Rohit Sharma Kapil Dev india cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy