স্কোরকার্ডের উপরে দেখাচ্ছে পাকিস্তানের নাম এবং তাদের বোর্ডের লোগো। অথচ সেই দলের অধিনায়ক না কি রোহিত শর্মা! এমনকি সেই দলে রয়েছেন তিলক বর্মা, রিঙ্কু সিংহেরাও। অদ্ভুত এই ঘটনা ঘটেছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন। সম্প্রচারকারীদের ভুলেই এমন সমস্যা তৈরি হয়েছে।
শনিবার বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৫তম ওভার চলছিল। সেই সময় সম্প্রচারকারীরা পাকিস্তানের ক্রিকেটারদের বোলিং পরিসংখ্যান দেখাতে চেয়েছিলেন টিভির পর্দায়। তবে পাকিস্তানের নাম উপরে থাকলেও ক্রিকেটারদের প্রত্যেকেই ভারতীয় ছিলেন।
সেই দলে রোহিত শর্মাকে অধিনায়ক দেখানো হয়েছে। প্রথম একাদশে ছিলেন শুভমন গিল, তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ এবং মুকেশ কুমার। একজনও পাকিস্তানের ক্রিকেটার ছিলেন না তালিকায়। তার চেয়েও বড় ব্যাপার তালিকার মধ্যে তিলক, শিবম, জিতেশ, রিঙ্কু এবং রবি এখনও টেস্টই খেলেননি!
এই ভিডিয়ো সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। সমর্থকেরা যেমন এই দৃশ্যে মজা পেয়েছেন, তেমনই সম্প্রচারকারীদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রানে অলআউট হয়ে গিয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শতরান করেছেন। জবাবে পাকিস্তান দিনের শেষে ১ উইকেটে ১৭৯ রান তুলেছে। ৮৫ রানে ব্যাট করছেন ওপেনার আজ়ম আওয়াইস।