আগের ম্যাচে শতরানের পথে এগিয়ে যাওয়ার সময়ে বিতর্কিত রান আউটে সাজঘরে ফিরতে হয়েছিল। তৃতীয় ম্যাচে সুযোগ হাতছাড়া করলেন না সলমন আঘা। শতরান করেই মাঠ ছাড়লেন তিনি। তবে লাভ হল না। কারণ পাকিস্তান ১১ রানে হেরে গেল বাংলাদেশের কাছে। সিরিজ়ও হারতে হল ১-২ ব্যবধানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের তোলা ২৯০/৫-এর জবাবে ২৭৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভাল হয়েছিল। সইফ হাসান এবং তানজিদ হাসান তামিম মিলে ওপেনিং জুটিতেই ১০৫ রান তুলে দেন। সইফ (৩৬) ফেরার পর একটা দিক ধরে রেখেছিলেন তানজিদ। ৬টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১০৭ রান করেন তিনি। পরের দিকে লিটন দাস (৪১) এবং তৌহিদ হৃদয়ের (অপরাজিত ৪৮) সৌজন্যে ভদ্রস্থ স্কোর তোলে বাংলাদেশ। পাকিস্তানের হ্যারিস রউফ ৫২ রানে ৩ উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ১৭ রানে ৩ উইকেট হারায় তারা। ব্যর্থ সাহিবজ়াদা ফারহান (৬), মাজ় সাদাকাত (৬) এবং মহম্মদ রিজ়ওয়ান (৪)। কিছুটা লড়াই করে ফিরে যান গাজ়ি ঘোরিও (২৯)। রান পাননি আব্দুল সামাদও (৩৪)। ৮২ রানের মধ্যে পাকিস্তানের অর্ধেক দল ফিরে যায় সাজঘরে।
আরও পড়ুন:
সেখান থেকে একাই লড়াই শুরু করেন সলমন। কখনও সাদ মাসুদ (৩৮), কখনও শাহিন আফ্রিদির সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু রান রেট ক্রমশ বাড়তে থাকায় চালিয়ে খেলতে হয়েছে। শতরান পূর্ণ করেই তুলে মারতে গিয়ে আউট হন। ওখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। তাসকিন আহমেদ ৪৯ রানে ৪ উইকেট নেন। মুস্তাফিজ়ুর রহমান ৫৪ রানে ৩ উইকেট নেন।