বাংলাদেশের বিরুদ্ধে চুনকামের পর পাকিস্তান দলের ফিজিয়ো ক্লিফ ডিকনকে ছাঁটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্ত মানতে পারছেন না ক্রিকেটারেরা। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তাঁরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে ছাঁটাই করা হয়েছে ডিকনকে। তাঁর বদলে ইফতিখার আহমেদকে পাকিস্তান দলের নতুন ফিজিয়ো করা হয়েছে। ‘টেলিকম এশিয়া’ জানিয়েছে, বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বেশ কয়েক জন ক্রিকেটার। তাঁদের দাবি, ‘বলির পাঁঠা’ করা হয়েছে ডিকনকে।
২০১৭ সাল থেকে পাকিস্তান দলের ফিজিয়ো দক্ষিণ আফ্রিকার ডিকন। ৪৫ বছরের এই সাপোর্ট স্টাফের সঙ্গে দলের ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভাল। বিশেষ করে দলের জোরে বোলারেরা ডিকনকে খুব পছন্দ করেন। কিন্তু বোর্ডের মত ভিন্ন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, পাক বোর্ডের নতুন ডিরেক্টর অফ স্পোর্টস জাভেদ মুঘল ডিকনের কাজে বিরক্ত। তাঁর দাবি, দলের চোট পাওয়া ক্রিকেটারদের সারিয়ে তুলতে অনেক সময় নিয়েছেন ডিকন। ক্রিকেটারদের বার বার চোট পাওয়ার নেপথ্যেও ডিকনকে দায়ী করা হয়েছে। পাক বোর্ডের এক সূত্র বলেছে, “মুঘল ডিকনকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর ডিকনকে ফেয়ারওয়েলও দেওয়া হয়েছে। সেখানে ক্রিকেটারদের অনেককেই আবেগপ্রবণ দেখাচ্ছিল।”
বোর্ডের এই দাবি মানতে নারাজ ক্রিকেটারেরা। তাঁদের পাল্টা দাবি, ডিকন যথেষ্ট দায়িত্বের সঙ্গে নিজের কাজ করেছেন। বোর্ডের বুঝতে ভুল হচ্ছে। রিহ্যাব বোর্ডের অ্যাকাডেমিতে হয়। সেখানে ডিকন শুধু পরামর্শ দেন। অর্থাৎ, বাকিদের গাফিলতিতে ক্রিকেটারেরা দ্রুত সুস্থ হতে পারেননি। এতে ডিকনের কোনও দোষ নেই। তাঁকে দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন ক্রিকেটারেরা।