Advertisement
E-Paper

আইপিএল খেলার অনুমতি নেই, নিজের দেশের বোর্ডকে আদালতে নিয়ে গেলেন বেঙ্গালুরুর বিদেশি ক্রিকেটার!

গত বছর আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন নুয়ান তুষারা। এ বারও তাঁকে ধরে রেখেছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আইপিএলে তাঁর বেতন ১ কোটি ৬০ লাখ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:৩৭
picture of cricket

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। ছবি: পিটিআই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নুয়ান তুষারার আইপিএল খেলা অনিশ্চিত। ফিটনেস পরীক্ষায় পাস না করায় তাঁকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জোরে বোলার আদালতের দ্বারস্থ হলেন। বোর্ড আদালতকে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে।

গত বছর আইপিএলেও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তুষারা। এ বারও তাঁকে ধরে রেখেছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। শ্রীলঙ্কা ক্রিকেটের অনুমতি না পাওয়ায় এ বার খেলতে পারছেন না। ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারলে বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দিচ্ছেন না শ্রীলঙ্কার কর্তারা। তুষারার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

বোর্ডের এই সিদ্ধান্তকে কলম্বো জেলা আদালতে চ্যালেঞ্জ করেছেন জোরে বোলার। তাঁর যুক্তি এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে নেই। গত ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে চুক্তির মেয়াদ। বোর্ড তাঁকে এ ভাবে আটকে রাখতে পারে না। শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্তকে অযৌক্তিক এবং তাঁর জীবিকার পথে বাধা হিসাবে ব্যাখ্যা করেছেন তুষারা। উল্লেখ্য, আইপিএল না খেললে বেঙ্গালুরুর কাছ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা পাবেন না তিনি।

আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটও। সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, তুষারাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তাদের যুক্তিসঙ্গত আপত্তি রয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতে বোর্ডের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞার আবেদন করেছেন তুষারা। তিনি আইনি নোটিস দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েক, কোষাধ্যক্ষ সুজীব গোদালিয়াদ্দা এবং প্রধান নির্বাহী কর্তা অ্যাশলি ডি সিলভাকে।

আগামী ২৩ এপ্রিল তুষারার করা মামলার প্রথম শুনানি হবে। তার পর আদালতের নির্দেশে শ্রীলঙ্কার জোরে বোলার বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারলেও অর্ধেক আইপিএলই খেলা হবে না তাঁর। আইপিএলের মধ্যে মামলার নিষ্পত্তি না হলে তাঁর খেলাই হবে না।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
RCB Srilanka Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy