Advertisement
E-Paper

‘ওকে আর কী করতে হবে?’ ওয়েস্ট ইন্ডিজ় সফরের দল ঘোষণার পরে নির্বাচকদের খোঁচা গাওস্করের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে সুযোগ পাননি সরফরাজ় খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক এই ব্যাটারকে সুযোগ না দেওয়ায় নির্বাচকদের উপর ক্ষুব্ধ সুনীল গাওস্কর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ২২:১৪
Sunil Gavaskar

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পাননি সরফরাজ় খান। ভারতের ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে সব থেকে ধারাবাহিক ক্রিকেটারকে আরও এক বার দলে নেননি নির্বাচকেরা। তার পরেই জাতীয় নির্বাচকদের খোঁচা দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর প্রশ্ন, নির্বাচকদের চোখে পড়তে আর কী করতে হবে সরফরাজ়কে?

একটি সাক্ষাৎকারে ভারতীয় দল নির্বাচন নিয়ে মুখ খুলেছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘গত তিন মরসুম ধরে ১০০ গড়ে রান করেছে সরফরাজ়। এর পরেও দলে সুযোগ পায়নি। সুযোগ পেতে ওকে আর কী করতে হবে? প্রথম একাদশে না খেলালেও ওকে অন্তত দলে নেওয়া উচিত ছিল।’’

আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। গাওস্করের প্রশ্ন, তা হলে কি দলে সুযোগ পেতে হলে আইপিএলে ভাল খেললেই চলবে? তিনি বলেছেন, ‘‘সরফরাজ়কে বলে দেওয়া হোক যে রঞ্জি খেলে কোনও লাভ নেই। শুধু আইপিএলে ভাল খেললেই লাল বলের ক্রিকেটে সুযোগ পাওয়া যাবে। তা হলে হয়তো ওকে আর এত পরিশ্রম করতে হবে না।’’

ভারতের হয়ে ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫০৫ রান করেছেন সরফরাজ়। গড় ৭৯.৬৫। ১৩টি শতরান ও ন’টি অর্ধশতরান করেছেন তিনি। সর্বোচ্চ ৩০১ রান করেছেন তিনি। ভারত এ-র হয়েও রান করেছেন সরফরাজ়। কিন্তু এখনও জাতীয় দলে সুযোগ হয়নি তাঁর। এর আগে সুযোগ না পেয়ে নিজেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সরফরাজ়। এ বার তাঁর হয়ে কথা বললেন গাওস্কর।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ১২ জুলাই থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২০ জুলাই থেকে। ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ অগস্ট হবে তিনটি এক দিনের ম্যাচ। ৩ অগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। শেষ হবে ১৩ অগস্ট। মাঝের তিনটি ম্যাচ হবে যথাক্রম ৬, ৮ ও ১২ অগস্ট।

India Cricket Sunil Gavaskar Sarfaraz Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy