Advertisement
E-Paper

সূর্যের চাকরি বাঁচানোর চাবি গম্ভীরের হাতে! কোচের কথা শুনে সিদ্ধান্ত নির্বাচকদের, গুয়াহাটিতে মঙ্গলবার বৈঠক

সূর্যকুমার যাদব ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন কি না, সে বিষয়ে মঙ্গলবার ইঙ্গিত পাওয়া যেতে পারে। সে দিনই বৈঠক রয়েছে বোর্ডের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৩:২৯
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ব্যাট হাতে লাগাতার ব্যর্থ সূর্যকুমার যাদব। শুধুমাত্র অধিনায়কত্বের উপর নির্ভর করে দলে জায়গা ধরে রাখা কঠিন। বিশেষ করে ভারতের টি-টোয়েন্টি দলে, যেখানে অধিনায়কের দৌড়ে একাধিক ক্রিকেটার রয়েছেন। এর পরেও সূর্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন কি না, সে বিষয়ে মঙ্গলবার ইঙ্গিত পাওয়া যেতে পারে। সে দিনই বৈঠক রয়েছে বোর্ডের। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার গুয়াহাটিতে বোর্ডের বৈঠক। সচিব দেবজিৎ শইকীয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর-সহ নির্বাচক কমিটি ও গম্ভীর উপস্থিত থাকবেন সেই বৈঠকে। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের দল নির্বাচন হবে সেখানে।

তবে শুধু একটি টেস্টের দল নির্বাচন নয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে কারা থাকবেন, সে বিষয়ে একটি আলোচনা করা হবে বৈঠকে। সূর্যের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রথম বার বৈঠকে বসছে বোর্ড। সেখানে গম্ভীরের কাছে জানতে চাওয়া হবে যে, সূর্যের ভবিষ্যৎ নিয়ে তিনি কী ভাবছেন? গম্ভীর যদি সূর্যের হয়ে কথা বলেন, তা হলে এখনই অধিনায়কত্ব যাবে না তাঁর। কিন্তু গম্ভীর যদি সূর্যের পাশে না দাঁড়ান, তা হলে তাঁর অধিনায়ক থাকা মুশকিল।

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও ব্যাটার সূর্যের ফর্ম খুব খারাপ। বিশ্বকাপের আগে এক বছর একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। বিশ্বকাপে অল্প রান পেলেও তার পর থেকে আবার লাগাতার ব্যর্থ তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও সূর্য রান পাচ্ছেন না। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ার, অক্ষর পটেলের মতো অনেকে রয়েছেন। ফলে ব্যাট হাতে ব্যর্থ সূর্যের পাশে কি গম্ভীর থাকবেন? বৈঠকেই তা জানা যাবে।

ভারতীয় দলে সাধারণত একাধিক অধিনায়কের নীতি চলে না। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলির পর রোহিত শর্মা তিন ফরম্যাটে অধিনায়ক ছিলেন। এখন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন গিল। কিন্তু টি-টোয়েন্টিতে অধিনায়ক সূর্য। বিশ্বকাপের আগে শুভমনকে সহ-অধিনায়ক করা হলেও বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। এ বার আইপিএলে ভাল ফর্মে রয়েছেন শুভমন। ফলে তিনি আবার ভারতের টি-টোয়েন্টি দলে ঢুকতে পারেন। তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দিতে পারে বোর্ড। তবে সবটাই নির্ভর করছে কোচ গম্ভীরের উপর। এখন দেখার, বৈঠকে গম্ভীর কী পরামর্শ দেন।

Suryakumar Yadav Gautam Gambhir BCCI India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy