ভারতের অনূর্ধ্ব-১৯ দল, এ দল, যুব দল— প্রায় সব বয়সভিত্তিক দলের হয়েই খেলে ফেলেছিল সে। সিনিয়র দলেও সুযোগ চলে এসেছিল গত আইপিএলের পর। তবে দরজায় কড়া নাড়লেও তা খুলছিল না। সেই দরজা অবশেষে খুলল বৈভব সূর্যবংশীর সামনে। সিনিয়র দলের হয়ে অভিষেক হল ১৫ বছরের ক্রিকেটারের। প্রথম ম্যাচেই জফ্রা আর্চারকে পিছন দিকে একটি ছয় মেরে নজর কাড়ল বৈভব। তবে বড় রান পেল না। ১০ বলে ১৪ রান করে উইল জ্যাকসের বলে স্টাম্পড হল বৈভব।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছে বৈভব। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তরুণতম ক্রিকেটার হিসাবে সুযোগ পেল সে। ১৫ বছর ৯৯ দিন বয়সি বৈভব ভারতের তরুণতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে নামছে। সে ছাপিয়ে গেল সচিন তেন্ডুলকরের (টেস্টে ১৬ বছর ২০৫ দিনে অভিষেক, এক দিনের ক্রিকেটে ১৬ বছর ২৩৮ দিনে অভিষেক) নজিরকে। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের (১৮ বছর ৮০ দিন)।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির রয়েছে পাকিস্তানের হাসান রাজ়ার। ১৯৯৬-এ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৪ বছর ২২৭ দিন বয়সে অভিষেক হয়েছিল রাজ়ার। তার পরেই রয়েছে বৈভব।
বৈভবকে সুযোগ দেওয়ার দাবি অনেক দিন ধরেই উঠছিল। কিন্তু আয়ারল্যান্ড সফরের পরে ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচেও সুযোগ পায়নি। কিন্তু সঞ্জু স্যামসন পর পর ব্যর্থ হওয়ায় যে আওয়াজ জোরালো হচ্ছিল, তাকে অবশেষে মান্যতা দিল ভারতীয় দল। সঞ্জুর জায়গাতেই প্রথম একাদশে ঢুকল বৈভব।
এ দিন তিলক বর্মা বৈভবের হাতে টুপি তুলে দেন। কিন্তু টুপির মাপটি বৈভবের মাথার মাপে করা ছিল না। ফলে টুপি পরতে গিয়ে সমস্যা হয় তাঁর। কোনও মতে মাথায় টুপিটি পরেই টিম হাডল থেকে বেরিয়ে আসে সে। কিন্তু সতীর্থেরা ছাড়েননি। অর্শদীপ সিংহ, ঈশান কিশন, শিবম দুবেরা এসে বৈভবকে জড়িয়ে ধরেন। তাঁর পিঠ চাপড়ে দেন। হাততালি এবং চিৎকার ওঠে ভারতের টিম হাডল থেকে।
বৈভব সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ে। টিম হাডলে বাকিদের হাত থেকে রেহাই পাওয়ার পর চোখ মুছতে দেখা গিয়েছে তাঁকে। এ দিন শুরু থেকেই বৈভবের দিকে নজর ছিল। অন্যান্য দিনের চেয়ে সে ম্যাচের আগে একটু বেশিই অনুশীলন করছিল। মাঠের এক কোণে দাঁড়িয়ে ছায়া-ব্যাটিং করতে দেখা গিয়েছে। পরে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়ার অনুশীলনও করেছে।
আরও পড়ুন:
-
১২০ মিনিটের লড়াইয়ে সাড়ে পাঁচ লক্ষের কাবো ভার্দেকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা, কেমন হল ম্যাচ?
-
বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ ভয় পাইয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নদের! বিরাট অঘটন থেকে বাঁচল মেসির আর্জেন্টিনা
-
এমবাপের পুরনো পেনাল্টি শট দেখেই বাজিমাত সালাহদের, অস্ট্রেলিয়ার হারের নেপথ্যে আসল কারণ প্রকাশ্যে
-
ভোজ়িনহায় মজে মেসি! আর্জেন্টিনার জয়ের পর কাবো ভার্দের গোলকিপারকে প্রশংসায় ভরালেন লিয়ো
টসের পর অধিনায়ক শ্রেয়স আয়ার বলেন, “বৈভব এসেছে সঞ্জুর জায়গায়। গত কয়েক মাসে আপনারা ওকে দেখেছেন। কী অসাধারণ ব্যাট করছে। এই দলে ঢোকার সব রকম যোগ্যতা রয়েছে ওর। একেবারেই চাপ নিতে শেখেনি বৈভব। ওর স্বভাবটাই অন্য রকম। ও ভাল করেই জানে এ রকম ম্যাচে ওর থেকে কী প্রত্যাশা থাকতে পারে। যে ভাবে ও নেটে ব্যাট করে এবং বোলারদের বল উড়িয়ে দেয়, তাতেই বোঝা যায় ও কী ধরনের ক্রিকেটার।”
বৈভবের যে অভিষেক হতে পারে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। ম্যাচের আগে সমাজমাধ্যমে ভারতীয় দলের জার্সিতে একটি ছবি পোস্ট করে বৈভব লিখেছিল, ‘নতুন অধ্যায়’। তা দেখেই জল্পনা তৈরি হয়েছিল, তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। সেটাই সত্যি হল।