Advertisement
E-Paper

মন ভরেনি বৈভবের বাবার! ‘টেস্ট না খেললে বড় ক্রিকেটার কিসের’, বলছেন সঞ্জীব সূর্যবংশী

গত এক বছরে সাদা বলের ক্রিকেটে ঝড় তুলে দিয়েছে বৈভব সূর্যবংশী। ছেলের কীর্তিতে গর্বিত হলেও যত দিন না বৈভব টেস্ট খেলছে, তত দিন তাকে বড় ক্রিকেটার বলে ভাববেন না বাবা সঞ্জীব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২
cricket

বিশ্বকাপ হাতে বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

গত এক বছরে সাদা বলের ক্রিকেটে ঝড় তুলে দিয়েছে বৈভব সূর্যবংশী। গোটা বিশ্বে এখন সে সবচেয়ে আলোচিত নাম। শুক্রবার ভারতকে একার হাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছে। ছেলের কীর্তিতে গর্বিত হলেও যত দিন না বৈভব টেস্ট খেলছে, তত দিন তাকে বড় ক্রিকেটার বলে ভাববেন না বাবা সঞ্জীব। এ দিকে, বৈভব বিখ্যাত হওয়ার পরেই বিহারে ক্রিকেটার হওয়ার ধুম পড়েছে ছোটদের মধ্যে।

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টা পর বাবাকে ফোন করে বৈভব। সেই প্রসঙ্গে সঞ্জীব বলেছেন, “বৈভব ফোন করার পর আমি কান্না চেপে রাখতে পারিনি। ও বাকিদের সঙ্গে উচ্ছ্বাস করতে করতে নাচছিল। আমি বললাম, ওর সঙ্গে পরে কথা বলব। কারণ এটা ওর কাছে গর্বের মুহূর্ত। এর পর তো আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। তাই এই মুহূর্ত পুরোপুরি উপভোগ করা উচিত।”

তবে এখনই অতিরিক্ত উচ্ছ্বসিত হতে রাজি নন সঞ্জীব। তিনি স্পষ্ট বলেছেন, “সবে তো শুরু হল। এখনও অনেক দূর যেতে হবে বৈভবকে। টেস্ট না খেলা পর্যন্ত কিসের আর বড় ক্রিকেটার।”

পটনায় বৈভবের কোচ মণীশ ওঝা পড়েছেন সমস্যায়। ক্রিকেটার বানিয়ে দেওয়ার জন্য রোজই তাঁর কাছে ছেলেমেয়েদের নিয়ে আসছেন তাদের বাবা-মায়েরা। মণীশ বলেছেন, “কেউ কেউ দু’বছরের ছেলেকে নিয়ে এসে বলছেন, ওকে বৈভব বানিয়ে দিন! পুরো পাগলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমাকে যে সব বার্তা পাঠানো হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছি। বৈভব গোটা বিহারের খেলাধুলোয় বিপ্লব নিয়ে এসেছে। এখন অনেক বেশি ছেলেমেয়েরা খেলাধুলোয় আসছে।”

Vaibhav Sooryavanshi ICC U19 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy