আপাতত দেশের হয়ে একটিই ফরম্যাট খেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাই এখন খেলা নেই দুই তারকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখছেন মাঠের বাইরে বসেই। কিন্তু তিন মাস পরেই আবার দেশের জার্সিতে দেখা যাবে দুই তারকাকে। বিশ্বকাপের মাঝেই জানা গেল সেই খবর।
জুন মাসে ভারত সফরে আসছে আফগানিস্তান। একটি টেস্ট ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। সেখানেই খেলবেন রোহিত, কোহলি। প্রথমে টেস্ট ম্যাচ। ৬ জুন থেকে নিউ চণ্ডীগড়ে হবে সেই খেলা। দেশের জার্সিতে ফিরবেন টেস্ট অধিনায়ক শুভমন গিলও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় আপাতত তিনিও মাঠের বাইরে। অর্থাৎ, দুই নয়, তিন তারকার প্রত্যাবর্তন হবে দেশের জার্সিতে।
১৪ জুন প্রথম এক দিনের ম্যাচ। খেলা হবে ধর্মশালায়। ১৭ জুন লখনউ ও ২০ জুন চেন্নাইয়ে বাকি দু’টি ম্যাচ হবে। এই তিনটি ম্যাচে খেলবেন রোহিত, কোহলি। সেখানেও অধিনায়ক হিসাবে দেখা যাবে শুভমনকে।
আরও পড়ুন:
ভারতের জার্সিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে এক দিনের সিরিজ় খেলেছিলেন রোহিত, কোহলি। তার পর পাঁচ মাসের বিরতি পাচ্ছেন তাঁরা। কোহলি লন্ডনে স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে গিয়েছিলেন। যদিও আইপিএলের প্রস্তুতি নিতে আবার দেশে ফিরেছেন তিনি। রোহিত এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দূত। বিভিন্ন মাঠে দেখা যাচ্ছে তাঁকে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের ডাগ আউটেও গিয়েছিলেন তিনি।
সামনের বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। রোহিত, কোহলি দু’জনেরই লক্ষ্য সেখানে খেলা। কিন্তু তার জন্য তাঁদের ধারাবাহিক ভাবে রান করতে হবে বলে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত কয়েকটি সিরিজ়ে তাঁরা রানও পেয়েছেন। রোহিতের থেকেও কোহলি অনেক বেশি সফল। বেশ কয়েকটি শতরান করেছেন। ফিটনেসেও সমস্যা নেই তাঁদের। জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে আরও তিনটি ম্যাচ পাবেন দু’জনে। আপাতত সে দিকেই নজর রেখেছেন তাঁরা।