Advertisement
E-Paper

‘পছন্দের জায়গা হারিয়েছে, অন্য জায়গায় খেলেছে’, সঞ্জুকে বললেন সূর্য! ‘কাঁদাবি নাকি পাগল’, সূর্যকে জড়িয়ে বললেন সঞ্জু

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে আনন্দে মাতলেন সঞ্জু স্যামসন। সেই যুগলবন্দির সাক্ষী থাকল ইডেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১০:৪৪
cricket

সঞ্জু স্যামসন (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। ছবি: এক্স।

যে সঞ্জু স্যামসন কয়েক দিন আগেও প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না, সেই তিনিই ইডেনে ম্যাচ জেতানো ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন। বুঝিয়ে দিয়েছেন, সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। সুযোগ কাজে লাগাতে হয়। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে আনন্দে মাতলেন সঞ্জু। সেই যুগলবন্দির সাক্ষী থাকল ইডেন।

খেলা শেষে সঞ্জু ও সূর্যের সেই কথোপকথনের ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন দুই ক্রিকেটার। সূর্য বলেন, “আমি সব সময় বলেছি, ভাল মানুষের সঙ্গে ভালই হয়। শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। সঞ্জু সেটাই করে দেখিয়েছে। যখন দলের প্রয়োজন ছিল, নিজের সেরাটা দিয়েছে।”

সূর্য জানিয়েছেন, প্রথম একাদশে দ্বিতীয় বার সুযোগ পেয়ে নিজের নয়, দলের কথাই বলেছিলেন সঞ্জু। ভারত অধিনায়ক বলেন, “এই ম্যাচের আগে আমরা যখন বসে আলোচনা করছিলাম, সঞ্জু বলেছিল, ‘চলো, দলের প্রয়োজনে কিছু একটা করে দেখাই। নিজের কথা ভাবলে হবে না।’ সেটাই ও করে দেখিয়েছে। এত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে।”

বিশ্বকাপের আগে সঞ্জুকেই ভারতের ওপেনার হিসাবে ভাবা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপের আগের সিরিজ়ে খারাপ খেলায় জায়গা হারান তিনি। সেই জায়গায় খেলেন ঈশান কিশন। বিশ্বকাপে অভিষেক শর্মা ফর্মে না থাকায় সঞ্জুকে বাধ্য হয়ে আবার খেলাতে হয়েছে। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি। ধৈর্য হারাননি। সেই উত্থান-পতনের কথাও বলেছেন অধিনায়ক। সূর্য বলেন, “ও অনেক উত্থান-পতন দেখেছে। নিজের পছন্দের জায়গা হারিয়েছে। অন্য জায়গায় খেলেছে। দল থেকে বাদ পড়েছে। আবার নিজের পছন্দের জায়গায় ফিরেছে। সাহসী লোকেরাই ম্যাচ জেতায়। সেটা সঞ্জু করেছে। ওর পরিবারকে শুভেচ্ছা। আশা করি পরের দুটো ম্যাচেও এটাই করবে।”

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সূর্যের এত প্রশংসা শুনে হেসে ফেলেন সঞ্জু। অধিনায়ককে জড়িয়ে ধরে বলেন, “এ বার থাম। কাঁদাবি নাকি পাগল।” তা শুনে সূর্য বলেন, “আমার অনেক কিছু বলার ছিল। কিন্তু এখন পারছি না।” তাঁর কথা থেকে পরিষ্কার, সূর্যের এই ইনিংসের ঘোর তখনও কাটেনি অধিনায়কের। তাই কী ভাবে সঞ্জুর প্রশংসা করবেন, তা ভেবে উঠতে পারছেন না তিনি।

Team India Suryakumar Yadav Sanju Samson
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy