বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা খারাপ হয়েছে। তাঁকে সাহায্য করার জন্য প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে যে হোয়াট্সঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে তাতে যোগ দিলেন সচিন তেন্ডুলকরও। একসময় মুম্বইয়ের ময়দানে দাপিয়ে খেলেছেন দু’জনে। সতীর্থের প্রয়োজনে আরও এক বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সচিন।
হোয়াট্সঅ্যাপের গ্রুপে কারা রয়েছেন তা অবশ্য জানা যায়নি। তবে সচিন সেখানে রয়েছেন এই বিষয়টি নিশ্চিত। এর আগেই কাম্বলির অসুস্থতার সময়ে সাহায্য করেছেন সচিন। কোনও বারই তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে শোনা যায়নি তাঁকে। এ বারও প্রাক্তন সতীর্থকে দেখে মুখ ফিরিয়ে থাকতে পারেননি সচিন। কাম্বলির বন্ধু মার্কাস কুটো তেমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।
কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ব্রেন স্ট্রোক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আগের থেকে ভাল অবস্থায় থাকলেও পুরোপুরি সুস্থ নন। এই রোগের চিকিৎসা না হলে ভবিষ্যতে ব্রেন স্ট্রোক হতে পারে তাঁর। বন্ধুর পাশে দাঁড়িয়েছেন মার্কাস। এক প্রতিবেদনে মার্কাস বলেন, “কাম্বলির বন্ধুদের নিয়ে, যাঁদের বেশির ভাগই ক্রিকেটার, একটা হোয়াট্সঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। তাঁরা আর্থিক ভাবে প্রচুর সাহায্য করছেন। কাম্বলির স্মৃতিশক্তি ক্রমশ কমে যাচ্ছে, তবে গত ছ’মাসে খুব একটা অবনতি হয়নি। তিনি অনেক কিছুই মনে রাখতে পারছেন না। কিন্তু কোনও বিষয় যদি তাঁর মাথায় থেকে যায়, সেটা তখন মনে করতে পারেন। না হলে পরিস্থিতি তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়ায়।” তাঁর সংযোজন, “কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এখন তার অস্ত্রোপচার করা সম্ভব নয়। কারণ তিনি আগে থেকে কোনও সতর্কতা অবলম্বন করেননি। চিকিৎসকেরা জানিয়েছেন, ওঁর ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের ইচ্ছাশক্তির জোরে কাম্বলি যতটা সম্ভব লড়াই চালিয়ে যাচ্ছেন।”
কাম্বলির শারীরিক অবস্থা প্রসঙ্গে বিখ্যাত নিউরোসার্জন আদিল চাগলা বলেন, “পরবর্তী ধাপ হতে পারে ব্রেন স্ট্রোক। কাম্বলি মদ্যপান ছেড়ে দিয়েছেন, কিন্তু মাঝেমধ্যে পথচারীদের কাছে ধূমপানের জন্য সাহায্য চান। তিনি অটোচালকদের কাছ থেকে সিগারেট চান, আর তাঁরাও ‘বিনোদ কাম্বলি’-কে সাহায্য করছেন ভেবে আনন্দে দিয়ে দেন। কিন্তু তাঁরা বুঝতে পারেন না, এর ফলে কাম্বলির কী মারাত্মক ক্ষতি হচ্ছে। ওঁর শরীরের ক্ষতি এখন আর হৃৎপিণ্ড, লিভার বা কিডনিতে আটকে নেই। ক্ষতিটা হচ্ছে মস্তিষ্কে। এর ফলে তাঁর শারীরিক ভারসাম্য নষ্ট হচ্ছে।”
আরও পড়ুন:
ভারতের হয়ে ন’বছর ক্রিকেট খেলেছেন কাম্বলি। ১৭টি টেস্টে ১০৮৪ ও ১০৪টি এক দিনের ম্যাচে ২৪৭৭ রান করেছেন তিনি। টেস্টে চারটি ও এক দিনের ক্রিকেটে দু’টি শতরান রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯টি ম্যাচে ৯৯৬৫ রান রয়েছে এই বাঁহাতি ব্যাটারের। ৩৫টি শতরান করেছেন তিনি। মার্কাস এবং কাম্বলি একসঙ্গে ক্রিকেট খেলেছেন। একসময় আম্পায়ারিংও করেছেন মার্কাস। একসময় ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার বলা হত কাম্বলিকে। কিন্তু উচ্ছৃঙ্খল জীবন ক্রমশ ক্রিকেট থেকে দূরে নিয়ে গিয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনেও বার বার বিতর্কে জড়িয়েছেন কাম্বলি।