ভারত ‘এ’ দলের সহ-অধিনায়ক বদলে গেল। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় প্রতিযোগিতায় প্রথমে ভারত ‘এ’ দলের সহ-অধিনায়ক করা হয়েছিল রিয়ান পরাগকে। কিন্তু চোটের কারণে বাদ পড়েছেন তিনি। তাঁর বদলে রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি সহ-অধিনায়কও করা হয়েছে তাঁকে। আইপিএলে অধিনায়ক হিসাবে ব্যর্থ রুতুরাজ। কিন্তু তাঁর উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে।
৯ জুন থেকে শুরু হবে ত্রিদেশীয় প্রতিযোগিতা। ভারত ও শ্রীলঙ্কা ছাড়া আফগানিস্তান খেলবে সেখানে। ২১ জুন পর্যন্ত চলবে প্রতিযোগিতা। শুরুতে পরাগকে তিলক বর্মার ডেপুটি করা হয়েছিল। কিন্তু আইপিএলের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান রাজস্থান রয়্যালসের অধিনায়ক। শেষ কয়েকটি ম্যাচ চোট নিয়েই খেলেছিলেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে হেরে বিদায় নেয় রাজস্থান।
ভারতীয় ক্রিকেট বোর্ড এই কথা জানিয়েছে। পরাগকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে পাঠানো হবে। সেখানে সুস্থ হয়ে উঠবেন তিনি। বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “নির্বাচক কমিটি রুতুরাজ গায়কোয়াড়কে ভারত এ দলে জায়গা দিয়েছে। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ়ে সহ-অধিনায়ক রিয়ান পরাগের বিকল্প হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। হ্যামস্ট্রিংয়ের চোটে বাদ পড়েছেন পরাগ। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন তিনি।”
আরও পড়ুন:
আইপিএলে অধিনায়ক হিসাবে ব্যর্থ রুতুরাজ। ১৪ ম্যাচের মধ্যে ছ’টি জিতে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। ১৪ ম্যাচে ৩৩৭ রান করেছেন তিনি। ১২৩.৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ওপেনার হিসাবে খারাপ খেলেছেন রুতুরাজ। কিন্তু সহ-অধিনায়ক হওয়ায় ত্রিদেশীয় সিরিজ়ে নিয়মিত সুযোগ পাবেন রুতুরাজ। এখন দেখার, সেখানে তিনি রান পান কি না।
ত্রিদেশীয় সিরিজ়ে ভারতীয় দল—
তিলক বর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, আয়ুষ বদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যাংশ শেরগে, প্রভসিমরন সিংহ, কুমার কুশাগ্র, বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আরশাদ খান, অনুকূল রায়।