Advertisement
E-Paper

সচিন-মেসি থেকে টেলর সুইফ্ট-রক! সাত খ্যাতনামীর থেকে কী শিখতে চান? জানিয়ে দিলেন কোহলি

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছেন, সচিন তেন্ডুলকরের থেকে একটি জিনিস তিনি শিখতে চান। পাশাপাশি, সুযোগ পেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মহেন্দ্র সিংহ ধোনির থেকেও একটি জিনিস শেখার ইচ্ছা রয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

২০১৩-য় সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। পরবর্তী কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে নিজের দাপট প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তবে কখনওই সচিনের সঙ্গে নিজের তুলনা করতে চাননি কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, সচিনের থেকে একটি জিনিস তিনি শিখতে চান। পাশাপাশি, সুযোগ পেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসি এবং মহেন্দ্র সিংহ ধোনির থেকেও একটি জিনিস শেখার ইচ্ছা রয়েছে তাঁর।

শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে কোহলির কাছে জানতে চাওয়া হয়েছে, সাত খ্যাতনামীর থেকে তিনি কোন জিনিস শিখতে চান। সচিনের কথা জিজ্ঞাসা করা হলে কোহলি দ্রুত বলেন, “সব শিখতে চাই।”

একটু থেমে কোহলি বলেন, “একটা জিনিস সবচেয়ে বেশি শিখতে চাই, তা হল ল্যাপ শট। উনিই প্রথম ক্রিকেটার যিনি স্পিনারদের বলে নিখুঁত ভাবে ল্যাপ শট খেলতেন। মসৃণ শট ছিল। কোনও দিন তাড়াহুড়ো করতে দেখিনি। আমি তো প্রতি বার ওই শট খেলতে গিয়ে ভুল করেছি। তাই ওঁর থেকে ল্যাপ শট শিখতে চাই।”

২৪ বছরের ক্রিকেটজীবনে সচিন বহু বার ল্যাপ শট খেলেছেন। স্পিনার মন্থর গতির বলে তিনি হাঁটু মুড়ে ব্যাটটি আগে বাড়িয়ে দিয়েছেন। এর পর চামচের মতো শট খেলে বল পাঠিয়েছেন ডিপ ফাইন লেগে। পরের দিকে মিডিয়াম পেসারদের বিরুদ্ধেও এমন শট খেলেছেন তিনি।

এর পর কোহলিকে জিজ্ঞাসা করা হয় বাকিদের কথা। আরসিবি-র ক্রিকেটার জানিয়েছেন, ধোনির থেকে ঠান্ডা মাথা, শাহরুখ খানের থেকে নম্রতা এবং রোনাল্ডোর থেকে শৃঙ্খলা শিখতে চান। মেসির থেকে শিখতে চান অলৌকিক দক্ষতা। হলিউডের অভিনেতা ডোয়েন জনসন (যিনি ডব্লিউডব্লি‌উই-তে রক নামে পরিচিত)-এর থেকে ভ্রু নাচানো শিখতে চান। আমেরিকার গায়িকা টেলর স্যুইফ্টের থেকে কী শিখতে চান জানতে চাওয়া হয় কোহলির কাছে। তিনি বলেন, ‘‘ওঁর গান সে ভাবে শুনিনি, কোনও দিন ওঁকে দেখিনি। তাই বলতে পারব না।’’

কোহলিকে এর পর দেখা যাবে আইপিএলে খেলতে। গত বারের ট্রফি জয়ী দল হিসাবে নামবে আরসিবি।

Virat Kohli Sachin Tendulkar Taylor Swift MS Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy