Advertisement
E-Paper

ট্রাম্পের কাছে নতিস্বীকার ফিফার! লাল কার্ডে হোয়াইট হাউসের হস্তক্ষেপ, ছাড় মার্কিন ফুটবলারকে

আবার বিতর্কে ফিফা। বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ লাল কার্ড দেখেছিলেন ফোলারিন বালোগুন। তার পরেও তাঁকে শেষ ষোলোয় খেলার অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় শুরু বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৬:৫১
football

ফোলারিন বালোগুন। আমেরিকার এই ফুটবলারকেই লাল কার্ড দেখার পরেও খেলার ছাড় দিয়েছে ফিফা। ছবি: রয়টার্স।

ফুটবল বিশ্বকাপে কি এ বার সরাসরি হস্তক্ষেপ করা শুরু করে দিলেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার প্রেসিডেন্টের কাছে নতিস্বীকার করতে হয়েছে ফিফাকে? তাদের একটি সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নিজেদের নিয়ম নিজেরাই ভেঙেছেন জিয়ান্নি ইনফান্তিনোরা।

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ লাল কার্ড দেখেছিলেন আমেরিকার ফুটবলার ফোলারিন বালোগুন। তার পরেও তাঁকে শেষ ষোলোয় খেলার অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় শুরু বিতর্ক। তিনি আমেরিকার হয়ে এই বিশ্বকাপে সর্বাধিক গোল করার কারণেই কি ছাড় দেওয়া হয়েছে বালোগুনকে? উঠছে প্রশ্ন।

বসনিয়া ও হারজেগোভিনার বিরুদ্ধে বালোগুনের গোলেই এগিয়ে ছিল আমেরিকা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ফাউল করায় ভার রিপ্লে দেখে সরাসরি বালোগুনকে লাল কার্ড দেখান রেফারি। তার পরেই ইনফান্তিনোকে ফোন করেন ট্রাম্প। লাল কার্ডের বিষয়টি একটু খতিয়ে দেখতে বলেন। ইনফান্তিনো জানিয়েছিলেন, তিনি খতিয়ে দেখবেন। অবশেষে ইনফান্তিনো ট্রাম্পকে ফোন করে জানিয়েছেন, লাল কার্ড দেখলেও বালোগুনের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে।

ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তিনি সমাজমাধ্যমে লেখেন, “যেটা সঠিক সেটা করার জন্য ফিফাকে ধন্যবাদ। অন্যায় সিদ্ধান্ত বদল করা হল।” ট্রাম্পের এই মন্তব্যের পরেই বিতর্ক আরও বেড়েছে।

এ বারের বিশ্বকাপে মোট ১২ জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। ১১ জনকে এক ম্যাচের নির্বাসন কাটাতে হয়েছে। শুধুমাত্র একটি ক্ষেত্রেই তা বদল করেছে ফিফা। দেশটির নাম আমেরিকা হওয়ার কারণেই হোয়াইট হাউসের হস্তক্ষেপের জল্পনা শুরু হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে ট্রাম্প বা ইনফান্তিনো কেউ মুখ খোলেননি।

ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছে না বেলজিয়াম ফুটবল সংস্থা। তারা সরাসরি ফিফাকে দায়ী করেছে। একটি বিবৃতিতে বেলজিয়াম ফুটবল সংস্থা লিখেছে, “আমরা এই সিদ্ধান্তে অবাক। ২০২৬ সালের বিশ্বকাপের নিয়ম ভেঙে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাল কার্ড দেখলে অবধারিত ভাবে পরের ম্যাচে সেই ফুটবলার নিলম্বিত থাকবেন। ১২ মে সব দলকে যে নিয়মাবলি ফিফা পাঠিয়েছিল, তার ১৬ নম্বর ধারায় এটাই লেখা রয়েছে।”

বেলজিয়াম ফুটবল সংস্থা জানিয়েছে, সব দিক খতিয়ে দেখছে তারা। আইনজীবীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। বিবৃতিতে লেখা, “বিশ্বকাপে খেলা প্রতিটা দেশের স্বার্থের কথা মাথায় রাখছি। ফুটবলে সব সময় নিয়ম মেনে খেলা উচিত। আমরা সব দিক খতিয়ে দেখছি। তার পর ব্যবস্থা নেব।”

তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে ফিফা তাদের একটি নিয়মকে তুলে ধরতে পারে। তা হল ২৭ নম্বর ধারা। এই ধারায় চাইলে লাল কার্ড দেখা কোনও ফুটবলারের সাসপেনশন এক বছরের জন্য স্থগিত রাখা যায়। এক বছরের মধ্যে সেই ফুটবলার দ্বিতীয় বার একই ধরনের অপরাধ করলে তাঁর স্থগিত রাখা সাসপেনশন তুলে নিয়ে তাঁকে শাস্তি দেওয়া যেতে পারে। এই নিয়মের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তিন ম্যাচের নির্বাসন কমিয়ে এক ম্যাচ করা হয়েছিল। তার পরেও অবশ্য বিতর্ক কমছে না।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Donald Trump fifa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy