সকলের মনে ভিড় করেছিল পাঁচ বছরের আগের খারাপ স্মৃতি। মাঠে তখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রস্তুতি ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে খেলার মাঝেই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত হাসপাতালেই রয়েছেন ডেনমার্কের ফুটবলার। তিনি কেমন আছেন, তা জানিয়েছে ডেনমার্ক ফুটবল সংস্থা।
ডেনমার্ক-ইউক্রেন ম্যাচে ৬৫ মিনিটের মাথায় হঠাৎ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন এরিকসেন। তার পরেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে দুই দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা সেখানে ছুটে যান। সকলে গোল হয়ে ঘিরে রাখেন ফুটবলারকে। চিকিৎসকেরা গিয়ে এরিকসেনকে পরীক্ষা করেন। তার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শকেরা এরিকসেনের নামে চিৎকার করতে থাকেন। সেখানেই খেলা বন্ধ করে দেন রেফারি। তখন ২-১ গোলে এগিয়েছিল ডেনমার্ক।
পরবর্তীতে ডেনমার্ক ফুটবল সংস্থা বিবৃতিতে বলেছে, “মাঠেই এরিকসেনের জ্ঞান ফিরেছিল। তিনি হেঁটেই অ্যাম্বুল্যান্সে ওঠেন। ওঁর পেসমেকারে হয়তো কিছু সমস্যা হয়েছিল। কিন্তু ঠিক কী কারণে উনি অজ্ঞান হলেন তা জানার জন্য ওঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেখানে আরও কয়েকটা পরীক্ষা হবে। তা হলেই আসল কারণ বুঝতে পারব।” এরিকেসেন এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছে সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, “উনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আমরা হাসপাতালের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। উনি সতীর্থদের আশ্বস্ব করেছেন যে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
আরও পড়ুন:
ডেনমার্ক ফুটবল সংস্থার কথা থেকে ইঙ্গিত, এরিকসেন অজ্ঞান হয়ে গেলেও তিনি সুস্থ হয়ে উঠছেন। অর্থাৎ, বিশ্বকাপে খেলতে তাঁর সমস্যা হবে না। কিন্তু এই পরিস্থিতিতে তাঁকে কত ক্ষণ খেলানো যাবে, তা-ও ভাবতে হবে ডেনমার্কের কোচকে।
২০২১ সালের ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান এরিকসেন। মাঠে বেশ কিছু ক্ষণ চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন মনে হয়েছিল, আর এরিকসেনের ফুটবল খেলা হবে না। কিন্তু পেসমেকার বসিয়ে আবার মাঠে নামেন এরিকসেন। ক্লাব ফুটবলে প্রথমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও পরে উলফস্বার্গের হয়ে খেলেছেন তিনি। এখন দেখার, এ বারের বিশ্বকাপে এরিকসেনকে মাঠে নামতে দেখা যায় কি না।