Advertisement
E-Paper

আর্জেন্টিনার পর ব্রাজ়িল! চোটের ধাক্কায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফুটবলার, পরিবর্ত ঘোষণা আনচেলোত্তির

এর আগে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি। এ বার ব্রাজ়িল দলেও সেই দৃশ্য দেখা গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৪:২৫
football

ব্রাজ়িলের ফুটবলার ওয়েসলি। ছবি: এক্স।

বিশ্বকাপের আগে পর পর ধাক্কা খেল আর্জেন্টিনা ও ব্রাজ়িল। ২৪ ঘণ্টা আগেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দি। এ বার ব্রাজ়িল দলেও সেই দৃশ্য দেখা গেল। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রাইট ব্যাক ওয়েসলি। চোখের জলে মাঠ ছাড়েন তিনি। ব্রাজ়িল ফুটবল সংস্থা জানিয়েছে, তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না।

ব্রাজ়িল ফুটবল সংস্থা একটি বিবৃতিতে বলেছে, “এ বারের বিশ্বকাপে খেলতে পারবেন না ওয়েসলি। তিনি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। খেলতে না পারলেও আমরা ওয়েসলিকে এই দলেরই অংশ বলে মনে করি।”

ওয়েসলির বদলে এডেরসনকে আমেরিকায় পাঠানো হয়েছে। রাইট ব্যাকের বদলে এক মিডফিল্ডারকে দলে নিয়েছেন কার্লো আনচেলোত্তি। ওয়েসলিকে ব্রাজ়িলের প্রথম একাদশে রাখার পরিকল্পনা ছিল আনচেলোত্তির। ফলে তাঁকে পরিকল্পনায় বদল করতে হবে।

শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজ়িল। ব্রুনো গিমারায়েস এবং এনদ্রিকের গোলে জিতেছে তারা। মিশরের একমাত্র গোল মোস্তাফা জ়িকোর। তবে ম্যাচের ১৫ মিনিটেই ধাক্কা খায় ব্রাজ়িল। চোট পান রাইট-ব্যাক ওয়েসলি। রোমার ফুটবলার ব্রাজ়িলের প্রথম পছন্দের রাইট-ব্যাক।

চোখের জলে মাঠ ছাড়েন ওয়েলসি। মাঠের ধারে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকেন কিছু ক্ষণ। ম্যাচের পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। ম্যাচের পর আনচেলোত্তি জানান, ওয়েসলির পেশিতে সমস্যা হয়েছে। তাঁর পরীক্ষা করা হবে। পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলতে পারবেন না ওয়েসলি।

১৪ জুন মরক্কোর বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাজ়িল। ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই ম্যাচ খেলবে তারা। শেষ বার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজ়িল। ২৪ বছরের খরা কাটিয়ে এ বার ট্রফি জেতার লক্ষ্যে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
Brazil Football Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy