প্রথম মরসুমেই ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) জিতে নিল ডায়মন্ড হারবার। রবিবার ডেম্পোকে ১-১ স্কোরে আটকে দিল তারা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। আই লিগ, আই লিগ ২-এর আইএফএলও প্রথম মরসুমে জিতল ডায়মন্ড হারবার।
প্রথম মরসুমে জাতীয় ফুটবল লিগ জয়ের নজির রয়েছে দু’টি ক্লাবে। ১৯৯৭-এ প্রথম বার এই কাজ করে দেখিয়েছিল জেসিটি। সেটাই ছিল তৎকালীন জাতীয় ফুটবল লিগের প্রথম মরসুম। এর পর ২০১৩-১৪ মরসুমে আই লিগ জেতে বেঙ্গালুরু এফসি। তার পরেই জুড়ল ডায়মন্ড হারবারের নাম, যা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
এ দিন মারগাঁওয়ে ৫০ মিনিটে ডায়মন্ড হারবার পিছিয়ে পড়েছিল মার্কাস জোসেফের গোলে। কিন্তু সংযুক্তি সময়ের প্রথম মিনিটে হুগো দিয়াজ়ের গোলে সমতা ফেরায় তারা। আইএফএল জিততে মাত্র এক পয়েন্ট দরকার ছিল। তা পেয়ে যায়।
আরও পড়ুন:
জয়ের পর ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা বলেছেন, “অসাধারণ লাগছে। এখনও মনে আছে পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। সেখান থেকে বিভিন্ন স্তর পেরিয়ে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের ট্রফি জেতা অবিশ্বাস্য ব্যাপার। আমরা ইতিহাস তৈরি করেছি। আগে কোনও দল চার বছরে এই কাজ করে দেখাতে পারেনি।”