লামিনে ইয়ামালের পরে এ বার কিলিয়ান এমবাপেকে নিয়ে দুশ্চিন্তা বাড়ল ফুটবলপ্রেমীদের। শুক্রবার রাতে লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচের ৮১ মিনিটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন ফরাসি তারকা।
রিয়ালের জার্সিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখার লক্ষ্য নিয়ে নেমেছিলেন এমবাপে। ৮১ মিনিটে ফরাসি তারকাকে দেখা যায় ইশারা করছেন রিজ়ার্ভ বেঞ্চের উদ্দেশে। তার পরেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। রিয়ালের তরফে জানানো হয়েছে, এমবাপের সমস্যা বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে। অতিরিক্ত ধকলের কারণেই এ রকম হয়। ডাক্তারি পরীক্ষার পরেই জানা যাবে ফরাসি তারকার চোট কতটা গুরুতর। এমবাপে কবে আবার মাঠে ফিরবেন তা-ও বোঝা যাবে। প্যারিস সঁ জরমঁ-এ খেলার সময় থেকেই বাঁ-পায়ের হাঁটুর চোটে ভুগছেন এমবাপে।
বেতিসের বিরুদ্ধে ১৭ মিনিটে ভিনিশিয়াস জুনিয়র এগিয়ে দিয়েছিলেন রিয়ালকে। কিন্তু সংযুক্ত সময়ে (৯০+৪ মিনিট) ভিক্টর বেলেরিন সমতা ফেরান। নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার পরে এমবাপের চোট প্রসঙ্গে রিয়াল ম্যানেজার আলভারো আরবেলোয়া বলেছেন, ‘‘আমি ঠিক জানি না কী হয়েছে এমবাপের। ম্যাচের মধ্যেই অস্বস্তি হচ্ছিল ওর। আগামী কয়েক দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’’ বিশ্বকাপে ফ্রান্স অভিযান শুরু করছে ১৬ জুন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেনেগাল। এমবাপে কি খেলতে পারবেন বিশ্বকাপে? ফরাসি তারকা সম্প্রতি জানিয়েছিলেন, যে কোনও মূল্যে আমেরিকা, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলতে চান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘সুযোগ পেলে আমি ফের বিশ্বকাপ জিততে চাইব। একই সঙ্গে আমি সেই সব ট্রফিও জিততে চাই, যা এখনও অধরা রয়েছে। এই তালিকায় অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে।’’
কয়েক দিন আগে স্পেনের তারকা লামিনে ইয়ামালও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। বার্সেলোনার জার্সিতে চলতি মরসুমে আর মাঠে নামতে না পারলেও আশা করা হচ্ছে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। বার্সার তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের আগেই খেলার জন্য তৈরি হয়ে যাবেন ইয়ামাল। কিন্তু এমবাপেকে নিয়ে কোনও আশার কথা এখনও শোনায়নি রিয়াল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)