Advertisement
E-Paper

রাত পোহালেই বিশ্বকাপে নামছেন মেসি! ব্রাজ়িলের ৬৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে আর্জেন্টিনা

গত বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাই ফুটবলদুনিয়ার চোখ তাদের দিকে। আরও এক বার লিয়োনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২২:১১
football

অনুশীলনে ব্যস্ত মেসিরা। ছবি: রয়টার্স।

বাকি আর কয়েক ঘণ্টা। তার পরেই বিশ্বকাপে নামবে আর্জেন্টিনা। গত বারের বিশ্বচ্যাম্পিয়ন। তাই তাদের দিকে নজর রয়েছে ফুটবলদুনিয়ার। এ বারও লিয়োনেল মেসির নেতৃত্বে নামছে আর্জেন্টিনা। তাদের লক্ষ্য ব্রাজ়িলের পুরনো রেকর্ডে ভাগ বসানো।

ফুটবল বিশ্বকাপে ব্রাজ়িলই একমাত্র দল যারা পর পর দু’বার বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮ সালের পর ১৯৬২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ৬৪ বছরের পুরনো সেই রেকর্ডেই ভাগ বসাতে চায় আর্জেন্টিনা। ২০২২ সালের পর ২০২৬ সালেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছেন মেসিরা।

আর্জেন্টিনার যা দল, তাতে সেই স্বপ্ন সত্যিও হতে পারে। এ বারের দলের ২৬ জনের মধ্যে ১৭ জন গত বারের বিশ্বজয়ী দলে ছিলেন। বাকি ৯ জন নতুন। এ বার অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যকেও মিলিয়ে দিয়েছেন কোচ লিয়োনেল স্কালোনি।

মাঝমাঠে এঞ্জো ফের্নান্দেজ়, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও রদ্রিগো ডি পল ভয়ঙ্কর। গোলে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ়। রক্ষণে ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। পাশাপাশি ইয়ুলিয়ান আলভারেজ়, লাউতারো মার্তিনেজ়রা এ বার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আর মেসি তো রয়েছেনই। একার কাঁধে খেলার ছবি বদলে ফেলতে পারেন তিনি।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে সমস্যাও রয়েছে আর্জেন্টিনার। মেসির বয়স হয়েছে। ৩৯ বছরের মেসিকে প্রতি ম্যাচে ৯০ মিনিট খেলানো ঝুঁকির। এখানেই বুদ্ধি খাটাতে হবে কোচ স্কালোনিকে। কী ভাবে বাকিদের দিয়ে তিনি মেসির অভাব ঢাকবেন, তার উপরেই নির্ভর করছে আর্জেন্টিনার সাফল্য।

এ বারের বিশ্বকাপ মেসি খেলবেন কি না তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত রাজি হয়েছেন তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে নামছেন মেসি। প্রতিযোগিতার আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তবে তা সারিয়ে উঠে এখন ফুরফুরে মেজাজে তিনি। প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন। বিশ্বকাপে ১৩ গোলের মালিক মেসি। আর চারটি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন লিয়ো।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বুধবার ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। গত বার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এ বার যাতে শুরু থেকেই একের পর এক ম্যাচ জিতে তারা এগোতে পারেন, সেই লক্ষ্যেই নামবেন মেসিরা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৬ মিনিট আগে
Argentina Football Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy