ইরানের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে ফিফার শাস্তি ইজ়রায়েলকে। বেশ কিছু পদ্ধতিগত গুরুতর অনিয়মের অভিযোগ ইজ়রায়েল ফুটবল সংস্থার বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে ইজ়রায়েলকে।
২০২৪ সালে ইজ়রায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) বিরুদ্ধে ফিফায় বেশ কিছু অভিযোগ জানিয়েছিল প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। ইজ়রায়েলের সদস্য পদ স্থগিতের দাবিও জানানো হয়। ফিফা ওই সব অভিযোগের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করতে রাজি হয়নি ইজ়রায়েলের বিরুদ্ধে। ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি অবশ্য আইএফএ পরিচালনার ক্ষেত্রে পদ্ধতিগত গুরুতর অনিয়মে ক্ষুব্ধ। তার মধ্যে অন্যতম আইএফএ সভাপতির বিরুদ্ধে ওঠা বৈষম্যের অভিযোগ। একাধিক ক্লাবকে তিনি অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছেন বলে উঠে এসেছে ফিফার তদন্তে। ইজ়রায়েলের বিরুদ্ধে শৃঙ্খলা এবং ফেয়ার প্লে নীতি ভঙ্গের অভিযোগও রয়েছে। এ জন্য তাদের ১ লাখ ৯০ হাজার ৬২১ ডলার (প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা) জরিমানা করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। পাশাপাশি, বৈষম্য নিয়ে ইজ়রায়েলকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, প্যালেস্তাইনের অভিযোগের ভিত্তিতেই দেড় বছর আগে ইজ়রায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফিফা। তাতেই উঠে এসেছে আইএফএর নানা অনিয়ম।
আরও পড়ুন:
প্যালেস্তাইনের মূল অভিযোগ ছিল, তাদের পশ্চিম সীমান্তের ক্লাবগুলিকে ইজ়রায়েল তাদের দেশের জাতীয় লিগে খেলার সুযোগ দিচ্ছে। এতে প্যালেস্তাইনের ফুটবলে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। আইএফএ দীর্ঘ দিন ধরে ফিফার বিধি লঙ্ঘন করে চলেছে। এ ব্যাপারে ফিফা কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি। প্যালেস্তাইনের অভিযোগ নিয়ে ফিফার বক্তব্য, ‘‘পশ্চিম সীমান্তের চূড়ান্ত আইনি অবস্থান এখনও নির্ধারিত নয়। আন্তর্জাতিক আইনে বিষয়টি অত্যন্ত জটিল। তাই এ ব্যাপারে ফিফার পদক্ষেপ করা উচিত নয়।’’ উল্লেখ্য, এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘‘ফিফার পক্ষে ভূরাজনৈতিক সংঘাতের সমাধান করা সম্ভব নয়।’’