কলকাতা ময়দানে নতুন অধ্যায়ের সূচনা করল তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হোসে র্যামিরেজ ব্যারেটো। এ বারই প্রথম ব্রাজিলীয়কে দেখা যাবে কোচের ভূমিকায়।
ব্যারেটোর সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে জর্জ টেলিগ্রাফের। সবুজ তোতার সহকারী হিসেবে থাকছেন মোহনবাগানের আর এক প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। এর আগে বেঙ্গল সুপার লিগে এই জুটি সাফল্যের কাজ করেছে। জর্জের দায়িত্ব পেয়ে খুশি ব্যারেটো। তিনি বলেছেন, “তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি গর্বিত। ফুটবলারজীবনে ময়দান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এবার কোচ হিসাবেও সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
আরও পড়ুন:
ক্লাবের যুগ্মসচিব তথা আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘আমাদের বিশ্বাস, ব্যারেটোর অভিজ্ঞতা ও ফুটবল দর্শন দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ সবসময়ই নতুন প্রতিভা ও নতুন ভাবনাকে গুরুত্ব দিয়ে এসেছে।” এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্ত বলেন, “তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এই মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”