মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। বাংলায় বিধানসভা নির্বাচনের কারণে ম্যাচটি হবে গোয়ায়। রবিবারই সেই ম্যাচ খেলতে গোয়ায় পৌঁছলেন মহম্মদ রশিদরা। একমাত্র মিগুয়েল ফিগুয়েরা ছাড়া বাকিরা সকলেই দলের সঙ্গে গিয়েছেন।
৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবলে ছয়ে রয়েছে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার জন্য বাকি ম্যাচগুলি কার্যত ফাইনাল কোচ অস্কারের কাছে। ওড়িশার বিরুদ্ধে নজরে থাকবেন রশিদ ও আনোয়ার আলি। তাঁদের এখনও চোট রয়েছে। ফলে পুরো ৯০ মিনিট হয়তো রশিদ ও আনোয়ার খেলতে পারবেন না। যা নিয়ে সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ অস্কার ব্রুসো শনিবার বলেছিলেন, “আমরা প্রথম একাদশ এখনও চূড়ান্ত করতে পারিনি। আনোয়ার, রশিদদের অবস্থা এখনও আমাদের মূল্যায়ন করতে হবে। তার ভিত্তিতেই প্রথম একাদশ নির্বাচন করা হবে।” আটটি ম্যাচ হয়ে গেলেও মাত্র একটি ম্যাচে জয় এসেছে ওড়িশার। তারা পেয়েছে ৮ পয়েন্ট। ফলে তুলনামূলক দুর্বল ওড়িশার মতো দলের বিরুদ্ধে হয়তো অস্কার আনোয়ার বা রশিদকে নিয়ে খুব বেশি ঝুঁকি নাও নিতে পারেন।
খেতাব জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গলের মেয়েদের দলও। প্রায় সাড়ে তিন মাস পরে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আইডব্লিউএল। দ্বিতীয় পর্বের উদ্বোধনে মশালবাহিনীর প্রতিপক্ষ শ্রীভূমি এফসি। দুই দলই প্রথম পর্বে পরস্পরের মুখোমুখি হয়নি। ফলে সেই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। ৬ ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। অন্য দিকে শ্রীভূমি রয়েছে ৬ ম্যাচে ৯ পয়েন্টে।
দ্বিতীয় পর্বের ম্যাচে যে লড়াই আরও কঠিন হতে চলেছে, জানেন লাল-হলুদ কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ়। ইস্টবেঙ্গলের কাছে প্রধান পরীক্ষা হতে চলেছে দীর্ঘ সাড়ে তিন মাসের বিরতির পরে জয়ের ছন্দ বজায় রাখা। পাশাপাশি দলে চোট সমস্যাও রয়েছে। সৌম্যা গুগুলথ, পান্থোই চানুর মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোট সারিয়ে পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় এখনও পর্যন্ত আসেননি। এই অবস্থায় নজরে থাকবেন উগান্ডার স্ট্রাইকার ফাজ়িলা ইকওয়াপুট। তিনি ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। সোমবার হয়তো শুরু করতে পারেন সুলঞ্জনা রাউল। তাঁকে আরও ম্যাচ খেলার সময় দিতে চান কোচ অ্যান্টনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)