Advertisement
E-Paper

বিশ্বকাপের আগে মেসির মুখে রোনাল্ডোর প্রশংসা, আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে তিন দেশ, মনে করছেন লিয়ো

ফুটবলজগতে এক জনের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে চলে আসে আর একজনের নাম। বিশ্বকাপের মাসখানেক আগে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভূয়সী প্রশংসা করলেন লিয়োনেল মেসি। কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:১০
football

(বাঁ দিকে) লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে)। — ফাইল চিত্র।

ফুটবলজগতে এক জনের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে চলে আসে আর একজনের নাম। তাঁদের মধ্যে শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা এবং তুলনা নিয়ে চর্চা হয়েছে বিস্তর। বিশ্বকাপের মাসখানেক আগে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভূয়সী প্রশংসা করলেন লিয়োনেল মেসি। জানালেন, রোনাল্ডো না থাকলে হয়তো তাঁরও মেসি হওয়া হত না। পাশাপাশি মেসি জানিয়েছেন, বিশ্বকাপে আর্জেন্টিনাকে চাপে ফেলতে তৈরি তিনটি দেশ।

মেসির মতে, তিনি বার্সেলোনা এবং রোনাল্ডো রিয়াল মাদ্রিদে খেলার কারণেই প্রতিদ্বন্দ্বিতা এত বেড়েছে। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক সব সময়েই ভাল। মেসির কথায়, “ফুটবলের মতো খেলায় তুলনা বা প্রতিদ্বন্দ্বিতা খুবই স্বাভাবিক। ঠিক যে রকম ক্লাব বা জাতীয় দলের ক্ষেত্রে হয়ে থাকে। তবে খেলাধুলোর বাইরে কোনও শত্রুতা কখনওই ছিল না।”

মেসির সংযোজন, “আমি বার্সেলোনায় ছিলাম। ও রিয়াল মাদ্রিদে ছিল। ক্লাসিকোয় খেলেছি। দল এবং ব্যক্তিগত ভাবে বিভিন্ন জিনিস অর্জন করার চেষ্টা করেছি। তাই লোকে আমাদের তুলনা করেছে। আমরা যা অর্জন করেছি তাতে শত্রুতা আরও বেড়েছে।”

মেসির মতে, তাঁর সঙ্গে রোনাল্ডোর যে প্রতিদ্বন্দ্বিতা এত দিন হয়েছে তা যথেষ্ট সুন্দর। বলেছেন, “ম্যাচ বা পুরস্কারের অনুষ্ঠান ছাড়া আমাদের খুব একটা দেখা হত না। পুরস্কারের সময় সকলেই জানতে চাইত ও জিতছে না আমি। কিন্তু আমাদের সম্পর্ক বরাবরই ভাল। এখন আমরা একে অপরের থেকে অনেক দূরে। তবে যা হয়েছে তাকে সুন্দর অভিজ্ঞতা বলা ছাড়া উপায় নেই।”

গত বারের বিজয়ী হিসাবে বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে এ বার ট্রফি ধরে রাখা সহজ হবে না বলে মত মেসির। তিনি বলেছেন, “অনেকেই এখন চোটের মধ্যে রয়েছে। তবে সকলে ফিরে এলে দলটা জেতার জন্য নামবে। এই মুহূর্তে ফ্রান্স ভাল খেলছে। দারুণ সব খেলোয়াড় আছে ওদের দলে।” মেসির ধারণা, স্পেন এবং ব্রাজ়িলও যথেষ্ট শক্তিশালী হয়ে খেলতে নামবে। এমনকি বেগ দিতে পারে পর্তুগালও, যারা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ।

Lionel Messi Ronaldo Nazario Spain Football Brazil Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy