Advertisement
E-Paper

ডোপ পরীক্ষা না দিয়ে বিপাকে যশস্বী, শেফালি! ভারতীয় দলের দুই ক্রিকেটারকে নোটিস কেন্দ্রীয় সংস্থার

যশস্বী জয়সওয়ালের পরীক্ষা দেওয়ার কথা ছিল গত বছরের ১৭ ডিসেম্বর। শেফালি বর্মার নমুনা দেওয়ার কথা ছিল গত ৭ নভেম্বর। ওই সময় তাঁরা যে স্থানে থাকবেন বলে জানিয়েছিলেন, সেখানে নাডার কর্মীরা গিয়েও তাঁদের পাননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৫:৫৫
picture of cricket

(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল এবং শেফালি বর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

পূর্বনির্ধারিত সূচি মেনে ডোপ পরীক্ষা দেননি যশস্বী জয়সওয়াল এবং শেফালি বর্মা। নিয়মভঙ্গের অভিযোগে ভারতীয় দলের দুই ক্রিকেটারকে নোটিস পাঠিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। বিষয়টি জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই)।

নাডার তালিকায় থাকা ক্রীড়াবিদদের নির্দিষ্ট সূচি অনুযায়ী ডোপ পরীক্ষা দিতে হয়। আগামী জানাতে হয় গতিবিধি। সেই মতো নির্দিষ্ট সময় নাডার কর্মীরা নমুনা সংগ্রহ করেন। নাডা সূত্রে জানা গিয়েছে, যশস্বীর পরীক্ষা দেওয়ার কথা ছিল গত বছরের ১৭ ডিসেম্বর। শেফালির নমুনা দেওয়ার কথা ছিল গত বছরের ৭ নভেম্বর। ওই সময় তাঁরা যে স্থানে থাকবেন বলে জানিয়েছিলেন, সেই স্থানে নাডার কর্মীরা গিয়েও তাঁদের পাননি। এর পর অনুপস্থিতির ব্যাখ্যা চেয়ে পাঠান নাডা কর্তৃপক্ষ। যশস্বীকে চিঠি দেওয়া হয় গত ১৮ ফেব্রুয়ারি। শেফালিকে গত ২০ ফেব্রুয়ারি। অভিযোগ, সেই চিঠিরও জবাব দেননি ভারতীয় দলের দুই ক্রিকেটার।

ডোপ পরীক্ষা নিয়ে দুই ক্রিকেটার এমন মানসিকতায় ক্ষুব্ধ নাডা কর্তৃপক্ষ। তাই এ বার তাঁদের নোটিস পাঠানো হল। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা না দেওয়ার যুক্তিগ্রাহ্য জবাব দিতে হবে তাঁদের। নাডা কর্তৃপক্ষ বিষয়টিতে নিয়মভঙ্গ হিসাবে দেখছেন। জানানো হয়েছে বিসিসিআইকেও।

নিয়ম অনুযায়ী, কোনও ক্রীড়াবিদ ১২ মাসের মধ্যে তিন বার ডোপ পরীক্ষা এড়িয়ে গেলে শাস্তির মুখে পড়েন। ধরে নেওয়া হয়, সংশ্লিষ্ট ক্রীড়াবিদ নিষিদ্ধ কোনও মাদক ব্যবহার করেছেন। এমন ক্ষেত্রে দু’বছর পর্যন্ত নির্বাসিত করা হয় অভিযুক্ত ক্রীড়াবিদকে। শাস্তি ঘোষণার আগে শুনানিতে অবশ্য ক্রীড়াবিদদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।

যশস্বী এখন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছেন। শেফালি ব্যস্ত রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। এখনই তাঁদের শাস্তি হবে না। কারণ দু’জনের বিরুদ্ধেই প্রথম বার পরীক্ষা বা নমুনা না দেওয়ার অভিযোগ উঠল।

Dope Test NADA Yashasvi Jaiswal Shafali Verma BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy