মোহনবাগানের সামনে আবার আইএসএলের শীর্ষে ওঠার সুযোগ। শনিবার গোয়ার কাছে মুম্বই হেরে যাওয়ার ফলে রবিবার মোহনবাগান নর্থইস্টকে হারাতে পারলেই শীর্ষে উঠে আসবে। গোয়া জেতায় অবশ্য এক ধাপ নীচে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। তিন থেকে তারা নেমেছে চারে।
৯ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৮। তারা এখনও শীর্ষেই আছে। তবে রবিবার মোহনবাগান জিতলে তাদের পয়েন্ট হবে ২০। মুম্বইকে টপকে যাবে তারা। মুম্বইকে হারিয়ে তিনে উঠে আসা গোয়ার ৯ ম্যাচে ১৮ পয়েন্টে। একটি ম্যাচ কম খেলে ১৫ পয়েন্টে থাকা ইস্টবেঙ্গল নেমে গিয়েছে চারে।
এ দিন ফতোরদায় মুম্বইকে ২-০ গোলে হারিয়েছে গোয়া। সাহিল তাভোরা এবং মহম্মদ নেমিল গোল করেছেন। গোটা ম্যাচেই দাপট রেখে জিতেছে গোয়া। মুম্বইকে এক বারের জন্যও ম্যাচে ফেরার সুযোগ করে দেয়নি। আরও বেশি গোল করতে পারত গোয়া। তবে মুম্বইয়ের দুই ডিফেন্ডার নুনো রেইস এবং বিজয় ছেত্রী বিপদ বাড়তে দেননি।
আরও পড়ুন:
দিনের প্রথম ম্যাচ ছিল কেরল ব্লাস্টার্স বনাম জামশেদপুর এফসি-র। সেই ম্যাচে কেরল জিতেছে ২-০ গোলে। নিহাল সুধিশ এবং ভিবিন মোহানন গোল করেন। জয়ের ফলে কেরল ১৩ থেকে ১১ নম্বরে উঠে এসেছে। ১০ ম্যাচে তাদের ৮ পয়েন্ট। জামশেদপুরের ৯ ম্যাচে ১৫ পয়েন্ট।